ভোটের উত্তাপের মাঝেই নতুন বিতর্কে জড়ালেন রাজারহাট-গোপালপুরের তৃণমূল প্রার্থী তথা জনপ্রিয় গায়িকা অদিতি মুন্সি। এবার বিদেশি ফুটবলার নিয়ে প্রচার করার মতো গুরুতর অভিযোগে তাঁর বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। আজই কলকাতার নির্বাচন কমিশন অফিসে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ জমা দিয়ে এলেন বিজেপি নেতৃত্ব।
বিজেপির অভিযোগ, নির্বাচনী আচরণবিধি (Model Code of Conduct) তোয়াক্কা না করেই তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি একজন নাইজেরিয়ান ফুটবলারকে নিজের প্রচার অভিযানে সামিল করেছেন। ভারতীয় নির্বাচনে বিদেশি নাগরিকের এই প্রত্যক্ষ অংশগ্রহণ সম্পূর্ণ বেআইনি বলে দাবি তুলেছেন বিজেপি প্রতিনিধিরা। তাঁদের দাবি, ভোটারদের প্রভাবিত করতে এবং চমক দিতেই এই বেআইনি পথ বেছে নিয়েছে ঘাসফুল শিবির।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র বিদেশি ফুটবলার নয়, ওই এলাকায় প্রচারের ক্ষেত্রে আরও একাধিক নির্বাচনী বিধিভঙ্গ করা হচ্ছে। নির্বাচন কমিশনের কাছে তাঁরা এই ঘটনার ভিডিও প্রমাণ ও নথিপত্র জমা দিয়েছেন এবং অদিতি মুন্সির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন। ভোটের ঠিক আগে এই ‘নাইজেরিয়ান কানেকশন’ রাজারহাটের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল।





