ভারত কি ইবোলার দোরগোড়ায়? উগান্ডা ফেরত যাত্রীকে ঘিরে আতঙ্ক তুঙ্গে!

আফ্রিকা মহাদেশে ইবোলা ভাইরাসের ভয়াবহ প্রকোপের আবহে এবার ভারতেও তৈরি হলো গভীর উদ্বেগ। সম্প্রতি উগান্ডা থেকে ভারতে আসা এক যাত্রীর শরীরে ইবোলার উপসর্গ দেখা দেওয়ায় দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফ্রিকা জুড়ে এই ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই বিশেষ নজরদারি চালানো হচ্ছে। বেঙ্গালুরুতে এক মহিলার শরীরে ইবোলার উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে তড়িঘড়ি আইসোলেশনে রাখা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, সম্প্রতি উগান্ডা থেকে ফেরা ওই মহিলার শরীরে প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছিল। যদিও তাঁর আর অন্য কোনো গুরুতর উপসর্গ নেই, তবুও ঝুঁকি এড়াতে তাঁকে বেঙ্গালুরুর এপিডেমিক ডিজিজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নমুনা পরীক্ষার জন্য পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে (NIV) পাঠানো হয়েছে। যদিও প্রাথমিক রিপোর্ট নেগেটিভ এসেছে বলে সূত্রের খবর, তবুও তাঁকে এখনই আইসোলেশন থেকে ছাড়া হবে কি না, তা নিয়ে চিকিৎসকরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

ইবোলা সংক্রমণ মোকাবিলার প্রস্তুতি নিয়ে চলতি সপ্তাহের শুরুতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ইতিমধ্যেই এই ভাইরাস সংক্রমণকে ‘গ্লোবাল ইমার্জেন্সি’ বা আন্তর্জাতিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। কঙ্গো, উগান্ডা এবং সুদানের মতো আফ্রিকান দেশগুলোতে ইবোলা এখন মারণ রূপ ধারণ করেছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতেই ৫০ জনেরও বেশি আক্রান্তের সন্ধান মিলেছে, যা সারা আফ্রিকা জুড়ে শতাধিক ছাড়িয়েছে এবং অনেকেরই মৃত্যু হয়েছে। হু সতর্ক করেছে যে, এই অতিমারি ভবিষ্যতে আরও ভয়াবহ আকার নিতে পারে।

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কড়াকড়ি বাড়ানো হয়েছে। কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানকে ‘হাই রিস্ক’ বা উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই দেশগুলো থেকে আসা বা ট্রানজিট করা যাত্রীদের ওপর কড়া নজর রাখা হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য বিভাগের নির্দেশিকা অনুযায়ী, যদি কোনো যাত্রীর জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা, পেশিতে যন্ত্রণা, বমি, ডায়ারিয়া, গলার ব্যথা বা শরীর থেকে আচমকা রক্তপাতের মতো লক্ষণ দেখা দেয়, তবে তাদের অবিলম্বে রিপোর্ট করতে বলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy