ভাইপোর কাটমানি থেকে আমফানের লুঠ—সব হিসেব হবে!” রেখা পাত্রের সমর্থনে শাহী মেজাজে কাঁপল উত্তর ২৪ পরগনা!

প্রথম দফার ভোট মিটতেই বঙ্গ রাজনীতির লড়াই পৌঁছাল চরম শিখরে। শুক্রবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, প্রথম দফার ভোটেই তৃণমূলের ‘রাজনৈতিক সমাধি’ নিশ্চিত হয়ে গিয়েছে এবং বাংলায় বিজেপির সরকার আসা এখন কেবল সময়ের অপেক্ষা।

“২৯ তারিখ ঘরে থাকুন, নয়তো…” দ্বিতীয় দফার ভোটের আগে এদিন নজিরবিহীন হুঁশিয়ারি শোনা গেল শাহের গলায়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের উদ্দেশ্যে তিনি বলেন, “২৯ তারিখে ঘরের বাইরে বেরোবেন না। যদি বেরোন, তবে ৫ তারিখের (ফল ঘোষণার পর) পর উল্টো করে ঝোলাবে বিজেপি!” সন্দেশখালি ও আরজি কর কাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট জানান, অপরাধীদের ফাইল খোলা হয়েছে এবং ক্ষমতায় এসেই তাদের শ্রীঘরে পাঠানো হবে।

দুর্নীতি ও অনুপ্রবেশ ইস্যুতে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালকে ‘সিন্ডিকেট ও দুর্নীতির রাজত্ব’ বলে কটাক্ষ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “আমফানের টাকা থেকে ভাইপোর কাটমানি—তৃণমূল নেতারা মানুষের হাজার হাজার কোটি টাকা লুঠ করেছেন। ক্ষমতায় এসে এই টাকা কড়ায়-গণ্ডায় উসুল করা হবে।” পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়িয়ে তিনি বলেন, ভোটব্যাংকের লোভে মমতা যাদের বসিয়েছেন, বিজেপি সরকার এলে তাদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

উন্নয়নের ডালি ও রেখা পাত্রের লড়াই সন্দেশখালি আন্দোলনের মুখ তথা হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্রের হয়ে সওয়াল করেন অমিত শাহ। তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে:

  • লেবুখালি-দুলদুলি ব্রিজ ও হাসনাবাদ-শামসেরনগর রেললাইন তৈরি হবে।

  • সন্দেশখালিতে তৈরি হবে আধুনিক হাসপাতাল ও পানীয় জলের ব্যবস্থা।

  • বেকার যুবকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৩০০০ টাকা।

হিসেব হবে ৫ তারিখের পর! বিজেপি কর্মীদের ওপর হামলার প্রসঙ্গ তুলে শাহ হুঁশিয়ারি দেন, “তৃণমূলের গুন্ডারা আমাদের কর্মীদের খুন করেছে। মনে রাখবেন, ৫ তারিখের পর সব হিসেব হবে। বাংলার মাটি থেকে দুর্নীতিবাজদের মূলোৎপাটন করাই এখন আমাদের লক্ষ্য।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy