বিডিও অভিযুক্ত হয়েও অধরা? খুনের মামলায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট, ডিজিপিকে কড়া নির্দেশ!

স্বর্ণ ব্যবসায়ী অপহরণ ও খুনের মামলায় বিডিও (BDO) প্রশান্ত বর্মনের বিরুদ্ধে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি অপূর্ব সিনহা রায়ের বেঞ্চ কড়া ভাষায় রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে জানাতে হবে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ঠিক কী কী পদক্ষেপ করা হয়েছে। একইসঙ্গে, দায়িত্ব পালনে চরম গাফিলতির জন্য মামলার তদন্তকারী অফিসার শাশ্বত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

২০২৫ সালের অক্টোবর মাসে এক স্বর্ণ ব্যবসায়ীর রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত। পরে নিউটাউনের একটি খালের ধার থেকে উদ্ধার হয় তাঁর ক্ষতবিক্ষত দেহ। নিহতের পরিবারের অভিযোগ, এই পরিকল্পিত অপহরণ ও হত্যাকাণ্ডের মূল চক্রী ছিলেন বিডিও প্রশান্ত বর্মন এবং তাঁর সহযোগীরা। অভিযোগ, মামলাটির শুরু থেকেই তদন্তের গতিপ্রকৃতি ছিল রহস্যজনক। বিডিও প্রশান্ত বর্মন কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন জানালেও, উভয় আদালতই তা খারিজ করে দেয়। শীর্ষ আদালত তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিলেও, দীর্ঘ সময় ধরে তিনি ‘ফেরার’ রয়েছেন।

বুধবার সজল সরকার নামে অপর এক অভিযুক্তের জামিনের আবেদনের শুনানি চলাকালীন হাইকোর্টের নজর পড়ে তদন্তের এই বেহাল দশার ওপর। বিচারপতি সিনহা রায় পর্যবেক্ষণে বলেন, “খুনের মামলার মূল অভিযুক্ত প্রশান্তকে গ্রেফতার তো করাই হয়নি, উল্টে চার্জশিটেও তাঁর সম্পর্কে স্পষ্ট কোনো উল্লেখ নেই।” আদালত স্পষ্ট জানিয়েছে যে, তদন্তকারী অফিসার শাশ্বত বন্দ্যোপাধ্যায় আইন মেনে নিজের দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এই ঘটনাকে বিচারক ‘গুরুতর কর্তব্যে অবহেলা’ হিসেবে চিহ্নিত করেছেন।

অন্যদিকে, সজল সরকারের জামিনের আবেদন খারিজ করে আদালত জানিয়েছে, এই মামলায় তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। হাইকোর্টের এই নির্দেশনার ফলে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের ওপর চাপ অনেকটাই বাড়ল। রাজ্যের প্রশাসনিক কর্তারা এখন কী পদক্ষেপ করেন এবং পলাতক বিডিওকে ধরার ক্ষেত্রে রাজ্য পুলিশ কতটা সক্রিয় হয়, সেদিকেই তাকিয়ে আছে নিহতের পরিবার ও সচেতন নাগরিক সমাজ। মামলার পরবর্তী শুনানিতে এই রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy