দিল্লি পুলিশের স্পেশাল সেলের এক বড়সড় সন্ত্রাসবিরোধী অভিযানে বড়সড় নাশকতা রুখে দেওয়া হয়েছে। পাকিস্তান ভিত্তিক গোয়েন্দা সংস্থা আইএসআই এবং মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের মদতপুষ্ট ৯ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে।
তদন্তকারীদের দাবি, ধৃত ব্যক্তিরা দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের লক্ষ্য করে বড় ধরণের হামলার ছক কষেছিল। গ্রেফতার হওয়া ৯ জনের মধ্যে দিল্লি, মুম্বাই ও পাঞ্জাবের বাসিন্দারা ছাড়াও রয়েছেন কয়েকজন বিদেশি নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই গোষ্ঠীকে কৌশলগতভাবে সরকারি স্থাপনা চিহ্নিত করে সেখানে হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল।
বর্তমানে উদ্ধার হওয়া বিস্ফোরক ও অস্ত্রের ফরেনসিক পরীক্ষা চলছে। ধৃতদের সাথে মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র এবং তাদের আর্থিক লেনদেনের উৎস খুঁজে বের করতে মরিয়া গোয়েন্দারা। এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের খোঁজে এখন জোর তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এই গ্রেফতারির মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ একটি বড় সাফল্য অর্জন করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।





