পুণে ও পিম্পরি-চিঞ্চওয়াড়ে বিষমদ পান করে ১৮ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল প্রশাসন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে রাজ্য আবগারি বিভাগ শনিবার তড়িঘড়ি ১৩ জন আধিকারিক ও কর্মীকে সাসপেন্ড করেছে। এর মধ্যে রয়েছেন তিন ইন্সপেক্টর ও ছয় সাব-ইন্সপেক্টর। পাশাপাশি, কর্তব্যরত পুলিশ আধিকারিকদের গাফিলতির অভিযোগে পুণে পুলিশও একাধিক সিনিয়র ইন্সপেক্টর ও কনস্টেবলকে সাসপেন্ড করেছে।
ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডি (CID)-এর হাতে। পুলিশ ইতিমধ্যে এই অবৈধ মদ্যপানের কারবারের সঙ্গে যুক্ত প্রধান পাণ্ডাসহ মোট আটজনকে গ্রেফতার করেছে। জানা গেছে, মৃতদের অধিকাংশের শরীরেই তীব্র শ্বাসকষ্ট, অ্যাসিডোসিস ও মুখ দিয়ে ফেনা বেরোনোর মতো বিষক্রিয়ার লক্ষণ ছিল। ইয়াশবন্তরাও চ্যবন মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ভর্তির সময় রোগীদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল।
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিস এই ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর’ বলে অভিহিত করেছেন এবং দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছেন। এদিকে, এনসিপি (এসপি) বিধায়ক রোহিত পাওয়ার হডপসারের একটি অবৈধ মদের ঠেক ভাঙচুর করেন এবং প্রশাসনের দুর্নীতি ও গাফিলতির বিরুদ্ধে সরব হন। বিধায়কের দাবি, পুলিশের একাংশের মদত ছাড়া এই অবৈধ কারবার চলা অসম্ভব। বর্তমানে গোটা ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।





