মুর্শিদাবাদের ফারাক্কায় গঙ্গার বুকে হঠাৎ হেলিকপ্টার দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রথমে অনেকেই কিছু বুঝে উঠতে পারেননি। এরপর দেখা যায়, হেলিকপ্টার থেকে অস্ত্রধারী সেনারা নেমে স্পিডবোটে করে উত্তাল গঙ্গায় টহল দিচ্ছে। এই দৃশ্য দেখতে ফরাক্কার তালতলা গঙ্গাঘাটে ভিড় জমান স্থানীয়রা।
কী কারণে এই মহড়া?
সেনা দপ্তর সূত্রে জানা গেছে, শিলিগুড়ি থেকে একটি বায়ুসেনার হেলিকপ্টার মহড়ার জন্য ফরাক্কায় আসে। ৭০-৮০ জন সেনা জওয়ান হেলিকপ্টার থেকে গঙ্গায় নামে এবং স্পিডবোর্ডে করে টহল দিতে শুরু করে। তবে সেনা দপ্তরের কোনো কর্মকর্তা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
মুর্শিদাবাদে একদিকে যেমন গঙ্গার জলস্তর বাড়ছে, অন্যদিকে বন্যার কারণে সামশেরগঞ্জ ও সুতিসহ কয়েকটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর বন্যার ভয়াবহতা আরও বাড়ার আভাস দিয়েছে। এই পরিস্থিতিতে স্থানীয়রা ধারণা করছেন, বন্যার কারণে মানুষের জীবনহানির আশঙ্কা থেকেই হয়তো সেনাবাহিনী মহড়া দিতে এসেছে। অনেকেই তাদের গবাদি পশু ফেলে যেতে না পারায় প্লাবিত এলাকা ছাড়ছেন না। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে একধরনের নিরাপত্তা ও স্বস্তি এনে দিয়েছে।





