পাহাড়ের রাজনীতিতে কি নতুন কোনো সমীকরণ তৈরি হতে চলেছে? প্রথম দফার নির্বাচনের ঠিক ৭ দিন আগে আজ দার্জিলিংয়ের লেবং ময়দান সাক্ষী থাকতে চলেছে এক হাই-ভোল্টেজ জনসভার। দার্জিলিং ও কার্শিয়াং বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে ‘বিজয় সংকল্প সভা’য় ভাষণ দিতে পাহাড়ের মাটিতে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২১ সালে এই একই ময়দানে সভা করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়েছিল। তবে এবার আর কোনো বাধা নয়, শাহের সভার দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে গোটা পাহাড়।
আজকের এই সভার গুরুত্ব অপরিসীম কারণ ইতিপূর্বেই বিজেপি নেতৃত্ব পাহাড়ের জন্য ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’ (PPS)-এর প্রতিশ্রুতি দিয়েছে। পাহাড়বাসী এবং গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতে অমিত শাহ আজ ঠিক কী বার্তা দেন, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। বিশেষ করে বিমল গুরুং থেকে শুরু করে অনীত থাপা—পাহাড়ের রাজনৈতিক দলগুলির নজর রয়েছে শাহের প্রতিটি শব্দের ওপর।
বিজেপি কি পারবে পাহাড়ের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার ক্ষতে প্রলেপ দিতে? নাকি এই সভা কেবলই ভোটের প্রচার হয়ে থেকে যাবে? দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলের চোখ এখন লেবংয়ের দিকে। শাহী সভার প্রতিটি মুহূর্তের সরাসরি আপডেট এবং বিশ্লেষণ দেখুন শুধুমাত্র আমাদের পাতায়। দার্জিলিংয়ের সভার পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর গন্তব্য জলপাইগুড়ি, যেখানে ডুয়ার্সের রাজনৈতিক সমীকরণ সাজাতে দেখা যাবে তাঁকে।





