‘পাকিস্তানি মন্ত্রীর হুমকি? মোদীজি ওদের ভিখারি বানিয়ে দিয়েছেন!’ বিস্ফোরক দিলীপ ঘোষ

নির্বাচনী আবহে ফের স্বমহিমায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে পাকিস্তানি মন্ত্রীর কলকাতা আক্রমণের হুমকি থেকে শুরু করে টলিপাড়ার অচলাবস্থা—একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন তিনি।

পাকিস্তানের হুমকি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাবে দিলীপ বলেন, “দেশ দেখার জন্য নরেন্দ্র মোদী একাই যথেষ্ট। পাকিস্তানকে তো উনি ভিখারি বানিয়ে দিয়েছেন, এখন ওদের হাতে শুধু বাটি। তৃণমূলের অবস্থাও তেমনই হবে।” অন্যদিকে, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ও স্টুডিও পাড়ায় কর্মবিরতি নিয়ে তাঁর চাঁচাছোলা মন্তব্য, “গত ১৫ বছর ধরে টালিগঞ্জে সিনেমা বাদ দিয়ে সব হচ্ছে। পার্টির ঝান্ডা না ধরলে কাজ পাওয়া যায় না। প্রতিভাবান অভিনেতারা অবহেলায় শুকিয়ে যাচ্ছেন। এই মাফিয়া রাজ মে মাসেই শেষ হবে।”

মুর্শিদাবাদে এসআইআর (SIR) প্রক্রিয়ায় লক্ষ লক্ষ নাম বাদ পড়া নিয়ে দিলীপের দাবি, ওই জেলা দেশবিরোধী কার্যকলাপের কেন্দ্র হয়ে উঠেছে বলেই এত নাম কাটা যাচ্ছে। তাঁর অভিযোগ, “ওখান থেকেই ভুয়ো আধার কার্ড বানিয়ে সারা দেশে ছড়ানো হয়।” পাশাপাশি, ভোটার তালিকা সংশোধন ও ট্রাইব্যুনাল নিয়ে আদালতের হস্তক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি বলেন, অযোগ্য অফিসাররা মমতার কথায় সংবিধান ও কোর্টকে চ্যালেঞ্জ করছেন বলেই আজ এই পরিস্থিতি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy