বিহারের রাজনীতিতে এক দীর্ঘ ও বর্ণময় অধ্যায়ের অবসান হতে চলেছে। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নীতীশ কুমার। গত ১০ এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তাঁর বিদায় ছিল সময়ের অপেক্ষা। আজ সকাল ১১টায় নিজের শেষ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন ৭৫ বছর বয়সী এই প্রবীণ জননেতা। বৈঠক শেষেই রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন বিহারের দীর্ঘতম মেয়াদের এই মুখ্যমন্ত্রী।
বিদায়লগ্নেও সোমবার নীতীশকে দেখা গিয়েছে চেনা মেজাজে। সারণ জেলার চার লেনের সড়ক প্রকল্প থেকে শুরু করে জেপি সেতুর সমান্তরাল নির্মাণকাজ—সবই খতিয়ে দেখেছেন তিনি। বিহারের রাজনীতিতে এবারই প্রথম বিজেপি থেকে মুখ্যমন্ত্রী পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ২৪৩ আসনের বিধানসভায় এনডিএ জোটের ২০২টি আসন রয়েছে, যার মধ্যে বিজেপি এককভাবে ৮৯টি ও জেডি(ইউ) ৮৫টি আসনের মালিক।
পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দৌড়ে এগিয়ে আছেন বর্তমান উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও নিত্যানন্দ রাই। আজই কেন্দ্রীয় পর্যবেক্ষক শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে নতুন নেতার নাম ঘোষণা করতে পারে বিজেপি। সূত্রের খবর, নীতীশ কুমার পদত্যাগ করলেও নতুন সরকারে তাঁর অনুমোদিত পুরনো আট মন্ত্রীই বহাল থাকতে পারেন। বুধবারই নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের মাধ্যমে বিহারে এক নতুন রাজনৈতিক মোড় আসতে চলেছে।





