নববর্ষে বিজেপির ধামাকা ইস্তেহার! স্কুটিতে ভর্তুকি থেকে মন্দিরে স্পেশাল স্লট— তামিল বৈতরণী পার হতে মহিলাদেরই ভরসা নাড্ডার

তামিল নববর্ষ এবং বি আর আম্বেদকরের ১৫০তম জন্মজয়ন্তীর পুণ্যলগ্নে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি। মঙ্গলবার চেন্নাইয়ে দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই ইস্তেহার প্রকাশ করে স্পষ্ট করে দিলেন যে, দাক্ষিণাত্যের এই রাজ্যে ক্ষমতা দখলের লড়াইতে বিজেপি এবার ‘নারীশক্তি’ এবং ‘হিন্দুত্বের’ মেলবন্ধনকেই হাতিয়ার করতে চাইছে।

মহিলাদের জন্য প্রতিশ্রুতির বন্যা

বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বা কর্ণাটকের মডেলের আদলে তামিলনাড়ুতেও মহিলাদের মন জয়ে কোনো কসুর রাখেনি পদ্ম শিবির। ইস্তেহারের প্রধান আকর্ষণগুলি হলো:

  • সরাসরি আর্থিক সাহায্য: প্রত্যেক মহিলাকে প্রতি মাসে ২,০০০ টাকা এবং বছরে এককালীন ১০,০০০ টাকা দেওয়া হবে।

  • বিনামূল্যে এলপিজি: বছরে ৩টি রান্নার গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে মিলবে।

  • স্কুটিতে ভর্তুকি: ইলেকট্রিক স্কুটি কিনলে সরকারি তরফে ২৫,০০০ টাকা ভর্তুকি দেওয়া হবে।

  • আবাসন ও আসবাব: প্রথমবার বাড়ি কেনা বা বানানোর ক্ষেত্রে ৩% স্ট্যাম্প ডিউটি ছাড় এবং আসবাবপত্র কেনার জন্য ৮,০০০ টাকার কুপন মিলবে।

পশুপালন ও সামাজিক সুরক্ষা

পশুপালকদের জন্য মাসে ২,০০০ টাকার সাহায্যের পাশাপাশি বড় ঘোষণা করা হয়েছে বীমা নিয়ে। কোনো পশুপালকের মৃত্যু হলে তাঁর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার। এছাড়া জিরো এফআইআর এবং গুরুতর অপরাধের জন্য ফাস্ট-ট্র্যাক আদালতের প্রতিশ্রুতি দিয়ে পুলিশি ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা বলা হয়েছে ইস্তেহারে।

মন্দির ও হিন্দুত্ব কার্ড

তামিল সংস্কৃতির আবেগ ছুঁতে বিজেপির ঘোষণা— রাজ্যের সমস্ত মন্দিরে স্থানীয়দের জন্য প্রতিদিন ২ ঘণ্টার বিশেষ স্লট রাখা হবে বিগ্রহ দর্শনের জন্য। তিরুপারানকুন্দ্রম পাহাড়ের চূড়ায় প্রদীপ জ্বালানোর মতো ধর্মীয় রীতিগুলিকেও পূর্ণ সরকারি মদতে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

ডিএমকে-কে কড়া আক্রমণ

ইস্তেহার প্রকাশের মঞ্চ থেকে বর্তমান শাসক দল ডিএমকে (DMK)-কে ‘দুর্নীতির রক্ষক’ বলে কটাক্ষ করেন জেপি নাড্ডা। তিনি অভিযোগ করেন, রাজ্যে মদের কারবার এবং অপরাধ ৫১ শতাংশ বেড়ে গিয়েছে। পরিবারতন্ত্র ও দুর্নীতির হাত থেকে তামিলনাড়ুকে মুক্ত করতে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy