যৌন নিপীড়নের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসারাম বাপুর স্বাস্থ্যের অবনতির প্রেক্ষিতে বড়সড় স্বস্তি দিল রাজস্থান হাইকোর্ট। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা আসারাম বাপুর বার্ধক্যজনিত অসুস্থতা এবং শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে আদালত জেল প্রশাসনকে অবিলম্বে পর্যাপ্ত চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছে।
বিচারপতি সঞ্জিত পুরোহিতের একক বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে, বন্দি হলেও সুচিকিৎসা পাওয়া যেকোনো ব্যক্তির মৌলিক অধিকার, আর তা নিশ্চিত করাই প্রশাসনের দায়িত্ব। আসারামের আইনজীবীরা আদালতে সওয়াল করেন যে, কারাগারে তাঁর যথাযথ চিকিৎসা হচ্ছে না এবং হৃদরোগসহ বিভিন্ন গুরুতর জটিলতায় তিনি ভুগছেন।
এই আদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, পরিস্থিতির অবনতি হলে আসারাম বাপুকে একটি নির্দিষ্ট আয়ুর্বেদিক হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরের অনুমতি দিয়েছে আদালত। এর আগে বহুবার তিনি অ্যালোপ্যাথির বদলে আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসার আগ্রহ প্রকাশ করেছিলেন। ২০১৮ সালে যোধপুরের আশ্রমে এক নাবালিকাকে নিগ্রহের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই তিনি যোধপুর সেন্ট্রাল জেলে সাজা ভোগ করছেন। আদালতের এই নির্দেশ আসারাম বাপুর জেল জীবনের চিকিৎসাসংক্রান্ত দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাল।





