“ছোড়ার ডিমের দাম বেশি”-ডিম-বৃষ্টিতে জেরবার তৃণমূল! বিদ্রূপাত্মক মন্তব্য অগ্নিমিত্রার

রাজ্যে তৃণমূল নেতাদের দিকে ডিম ছোড়ার ঘটনার ঘনঘটা নিয়ে এবার সরাসরি আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল। রবিবার আসানসোলে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করতে গিয়ে তিনি এই ঘটনাকে ‘ডিমোক্রেসি’ বলে অভিহিত করে রাজ্য রাজনীতিতে নতুন শোরগোল ফেলে দিয়েছেন।

অগ্নিমিত্রা পল ব্যঙ্গাত্মক সুরে বলেন, “পশ্চিমবঙ্গে এখন আর গণতন্ত্র বা ডেমোক্রেসি নেই, চলছে ‘ডিমোক্রেসি’। এখন বাজারের ডিমের দোকানে নাকি দুই ধরনের ডিম পাওয়া যায়— একটি খাওয়ার জন্য, আর একটি ছোড়ার জন্য। মজার বিষয় হলো, ছোড়ার ডিমের দাম নাকি আবার বেশি!”

রাজ্যের এই রাজনৈতিক সংস্কৃতির জন্য সরাসরি শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকেই দায়ী করেছেন মন্ত্রী। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, শাসকদলের নেতা-নেত্রীদের ভাষা এবং আচরণের জেরেই সাধারণ মানুষের মধ্যে এই ধরনের নতুন প্রতিবাদের প্রবণতা দেখা দিচ্ছে। মন্ত্রী দাবি করেন, গত ১৫ বছরে মানুষের ওপর যে অত্যাচার হয়েছে, তারই প্রতিফলন ঘটছে এই ডিম ছোড়ার ঘটনায়।

নিজের বিধানসভা কেন্দ্র আসানসোল নিয়েও এদিন মুখ খোলেন অগ্নিমিত্রা। তিনি হুঙ্কার দিয়ে বলেন, রাজ্যের অন্যান্য প্রান্তের মতো আসানসোলেও ভবিষ্যতে এই ধরনের জনরোষের সাক্ষী হতে পারে প্রশাসন। সাধারণ মানুষের ক্ষোভ যে বাঁধ ভাঙছে, তাঁর দাবি তা কার্যত স্পষ্ট।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের জনরোষের মুখে পড়ার ঘটনাকে হাতিয়ার করে বিজেপি এখন শাসকদলকে আরও কোণঠাসা করার পরিকল্পনা করছে। মন্ত্রীর এই ‘ডিমোক্রেসি’ মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy