‘ছট মাইয়াকে অপমান করেছে’! রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে মুজফফরপুরের সভা থেকে কংগ্রেস-আরজেডি-কে তীব্র আক্রমণ মোদীর

গত বুধবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বিহারের মুজফফরপুরে জনসভা করার ঠিক পরের দিনই, বৃহস্পতিবার সেখানেই নির্বাচনী প্রচারে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভার শুরুতেই প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর একটি মন্তব্যকে কেন্দ্র করে কংগ্রেস এবং আরজেডি-কে একযোগে আক্রমণ করেন।

ছট পুজোকে অপমান:

ছট পুজো সংক্রান্ত রাহুল গান্ধীর একটি মন্তব্য ঘিরে বিহারের রাজনীতি এখন তোলপাড়। এদিন সভামঞ্চ থেকে ছট পুজোর প্রসঙ্গ তুলে মোদী বলেন, ‘‘আপনারা আপনাদের ছেলেকে দেখেছেন, সারা বিশ্বে ছট মাইয়ার আভা গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। আর এক দিকে, কী করছে কংগ্রেস আর আরজেডি? ছট মাকে অপমান করছে।’’

মোদী প্রশ্ন তোলেন, ‘‘আপনারাই বলুন, শুধুমাত্র ভোটের জন্য কি ছট মাকে অপমান করা যায়? বিহার কি এই অপমান সহ্য করবে? আমাদের মায়েরা যাঁরা নির্জলা উপবাস রেখেছেন, তাঁরা কি সহ্য করবেন? আপনারা তাঁদের শাস্তি দেবেন কি না?’’

লালু-রাবড়ির ‘জঙ্গলরাজ’ পাঁচ ‘ক’-এ ব্যাখ্যা:

এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালু প্রসাদ যাদব ও রাবড়ি দেবীর শাসনকালকে ‘জঙ্গলরাজ’ বলে দেগেছেন। ‘ক’ (K) দিয়ে শুরু হওয়া পাঁচটি শব্দের মাধ্যমে আরজেডির শাসনকালের বর্ণনা করেন মোদী।

তিনি বলেন, ‘‘আরজেডি, কংগ্রেস এবং জঙ্গলরাজ কী করেছে? আমি পাঁচটি শব্দে ওদের কীর্তি সংক্ষেপে বলতে চাই। কট্টা (Katta-Casteism), ক্রুড়তা (Kroorta-Cruelty), কটুতা (Katuta-Bitter talk), কুশাসন (Kushashan-Misgovernance) এবং কোরাপশন (Corruption) হল জঙ্গলরাজের বৈশিষ্ট্য। এটাই আরজেডির বৈশিষ্ট্য। এটাই তাদের বন্ধুদের বৈশিষ্ট্য হয়ে উঠেছে।’’

‘তেল আর জল’ জোট:

প্রধানমন্ত্রী মোদী এই নির্বাচনের আগে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের তাঁর বিরুদ্ধে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তবে তাঁর কটাক্ষ ছিল বিরোধী ‘মহাগঠবন্ধন জোটে’র অন্তর্বর্তী সমস্যা নিয়ে।

‘তেল এবং জলে’র উদাহরণ টেনে মোদী বলেন, ‘‘এই নির্বাচনে আসল খবর আমার বিরুদ্ধে বলা কুকথা নয়। বরং আরজেডি এবং কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। গতকাল, দুই ‘যুবরাজ’ই চেষ্টা করেছে, ওদের মধ্যে কোনও সম্পর্ক নেই। আসলে ক্ষমতার লোভই ওদের কাছাকাছি এনেছে। আরজেডি আর কংগ্রেস হচ্ছে তেল আর জল। এক গ্লাসে দু’জন থাকতে পারে না।’’

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy