মাঠের লড়াই হোক কিংবা মাঠের বাইরের জনপ্রিয়তা—বিরাট কোহলি সবসময়ই শিরোনামে। কিন্তু এবার যা সামনে এল, তা শুনে স্তম্ভিত ক্রিকেট দুনিয়া। ভারত তথা বিশ্ব ক্রিকেটের আইকন বিরাট কোহলির ইমেজ নষ্ট করার জন্য কি সক্রিয় কোনও অশুভ চক্র? এক নামী জার্মান ইনফ্লুয়েন্সারের বিস্ফোরক দাবি ঘিরে এখন তোলপাড় নেটপাড়া।
সম্প্রতি ওই জার্মান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার একটি ভিডিওতে দাবি করেছেন যে, বিরাট কোহলি সম্পর্কে কুৎসা রটানোর জন্য এবং তাঁর নামে নেতিবাচক কথা বলার জন্য তাঁকে মোটা অঙ্কের টাকার অফার দেওয়া হয়েছিল। তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল যেন তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কোহলিকে আক্রমণ করে কোনও কন্টেন্ট তৈরি করেন।
ওই ইনফ্লুয়েন্সারের দাবি, টাকার বিনিময়ে কোহলির ব্র্যান্ড ভ্যালু ও ব্যক্তিগত সুনাম নষ্ট করার এক সুপরিকল্পিত ছক কষা হয়েছিল। তবে সেই প্রলোভনে পা দেননি তিনি। বরং বিরাটের প্রতি নিজের শ্রদ্ধা বজায় রেখে গোটা বিষয়টি প্রকাশ্যে এনেছেন।
সবথেকে চমকপ্রদ বিষয় হলো, এই খবরটি নজর এড়ায়নি স্বয়ং ‘কিং কোহলি’-র। এই ঘটনার একটি প্রতিবেদনে বিরাট কোহলি নিজে লাইক দিয়েছেন। বিরাটের এই একটি ‘লাইক’ যেন বুঝিয়ে দিচ্ছে যে, তিনি এই ধরণের ষড়যন্ত্র সম্পর্কে অবগত এবং সত্যকে সমর্থন করছেন।
কারা এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে? কেনই বা বিরাটের মতো এক ক্রিকেটারের সম্মান নষ্ট করতে এত টাকা খরচ করতে চাইছে কোনও পক্ষ? সেই নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে। কোহলি ভক্তদের দাবি, বিরাটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা সহ্য করতে না পেরেই এমন ঘৃণ্য চাল চালছে বিপক্ষ শিবির। আপাতত এই ভাইরাল দাবি ঘিরে উত্তাল খেলার দুনিয়া।





