‘কাজ চাইলে বেড পার্টনার’ হতে হবে! বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে টলিপাড়ার স্বরূপ বিশ্বাস

টলিউডের ক্ষমতার করিডরে বহুদিন ধরে ঘুরে বেড়ানো নানা বিতর্ক এবার আইনি মোড় নিল। টলিপাড়ার অত্যন্ত প্রভাবশালী মুখ তথা ‘ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’-র শীর্ষ নেতা স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থা, তোলাবাজি, প্রাণনাশের হুমকি এবং অস্ত্র আইনের মতো একাধিক গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এই গ্রেফতারি টলিপাড়ায় চাঞ্চল্য ফেলে দিয়েছে।

রিজেন্ট পার্ক এলাকার এক মেকআপ শিল্পীর করা অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু হয়েছে। ওই মহিলার দাবি, তিনি টেকনিশিয়ান স্টুডিওতে দীর্ঘদিন যুক্ত থাকলেও কাজ পাচ্ছিলেন না। এই সমস্যার সমাধান চেয়ে গত ২৯ মার্চ তিনি স্বরূপ বিশ্বাসের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু সেই চিঠির উত্তরের পরিবর্তে শুরু হয় চরম আতঙ্ক। ওই মহিলার অভিযোগ, ৩ এপ্রিল রাতে তাঁকে অপরিচিত এক ব্যক্তি দেখা করার প্রস্তাব দেয়। এরপর ৪ এপ্রিল তাঁকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযোগকারিণীর দাবি, তাঁকে বলা হয়েছিল স্বরূপ বিশ্বাস ও বাপি মালাকারের বিরুদ্ধে মুখ খুললে তাঁকে মেরে ফেলে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হবে।

ঘটনার এখানেই শেষ নয়। ওই মহিলার বিস্ফোরক অভিযোগ, তাঁকে সরাসরি বলা হয়েছিল কাজ পেতে হলে স্বরূপ বিশ্বাসের ‘প্রিয় মানুষ’ হতে হবে। তাঁকে স্বরূপের ‘বেড পার্টনার’ হওয়ার কুপ্রস্তাব দেওয়া হয় এবং একইসঙ্গে নারী পাচারের মতো জঘন্য কাজে যোগ দেওয়ার প্ররোচনা দেওয়া হয়। অভিযোগকারিণী জানিয়েছেন, ঘটনার পরপরই তিনি গল্ফগ্রিন থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন, কিন্তু তখন অভিযোগ নেওয়া হয়নি। প্রাণভয়ে কয়েকদিন আত্মগোপন করে থাকার পর, গত বৃহস্পতিবার তিনি ফের অভিযোগ জানালে পুলিশ অবশেষে নড়েচড়ে বসে।

পুলিশ সূত্রে খবর, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) ২০২৩-এর ৭৫(১)(ii), ৩০৮(৪), ৩০৮(৫), ১০৯, ৩৫১(৩), ৬১ ধারা এবং অস্ত্র আইনের ২৫ ও ২৭ ধারায় মামলা রুজু হয়েছে। উল্লেখ্য, স্বরূপ বিশ্বাস দীর্ঘদিন ধরে টলিপাড়ার ফেডারেশনে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিলেন। স্টুডিওতে কাজের সুযোগ দেওয়া বা শিল্পীদের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে তাঁর প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল টেকনিশিয়ানদের একাংশের মধ্যে। বর্তমানে তাঁর গ্রেফতারির পর টলিপাড়ার অন্দরমহলে নতুন করে অস্থিরতা ও বিতর্কের ঝড় উঠেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy