মহারাষ্ট্রে ‘মেড ইন পাকিস্তান’ বেডশিট! স্থানীয় মেলা থেকে কেনা পণ্যে চাঞ্চল্য, নড়েচড়ে বসল পুলিশ

মহারাষ্ট্রের পুণেতে একটি ধর্মীয় মেলা থেকে কেনা বেডশিটে ‘মেড ইন পাকিস্তান’ লেবেল মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। পিম্পরি-চিঞ্চওয়াড়ের মোরিয়া গোসাবি মন্দির সংলগ্ন মেলা থেকে এক মহিলা এই বেডশিটটি কিনেছিলেন। মহিলার অভিযোগ, কেনার সময় বিষয়টি নজরে না এলেও, বাড়িতে প্রথমবার ধোয়ার পরই কাপড়ের লেবেলে পাকিস্তানের নাম নজরে আসে।

এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাজারে শত্রু দেশের পণ্য কীভাবে এল, তা নিয়ে ক্ষোভ তৈরি হয়। ভিডিও ভাইরাল হতেই পিম্পরি-চিঞ্চওয়াড় পুলিশ তড়িঘড়ি তদন্তে নামে। ঘটনার গুরুত্ব বুঝে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। পুলিশ স্থানীয় পুরসভাকেও বিষয়টি জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। মূলত, এই পণ্যটি কোথা থেকে এল, সরবরাহকারী কারা এবং কোনো বৃহত্তর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে এই বেডশিট বাজারে ঢুকছে কি না—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, এর আগে মহারাষ্ট্রের সম্ভাজিনগর জেলাতেও ‘মেড ইন পাকিস্তান’ লেখা কসমেটিক সামগ্রী বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, এই ঘটনাটি বিচ্ছিন্ন কি না বা এর পেছনে কোনো বড় চক্র রয়েছে কি না, তা বিস্তারিত তদন্তের পরেই স্পষ্ট হবে।