একসঙ্গে ২৫,০০০ কর্মী ছাঁটাইয়ের পথে Intel! এর কারণ কী (AI)?

বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের ধারা অব্যাহত। ২০২৫ সালে একাধিক কোম্পানি কর্মী সংকোচনের পথে হাঁটলেও, এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে সেমিকন্ডাক্টর টেকনোলজির অন্যতম পথিকৃৎ ইন্টেল। জানা গেছে, এই চিপ প্রস্তুতকারী সংস্থাটি তাদের ২৫,০০০-এরও বেশি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে, যা প্রযুক্তি জগতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর উত্থান প্রযুক্তি দুনিয়ায় কাজের ধরন বদলে দিচ্ছে এবং এর প্রভাবে কর্মী ছাঁটাইয়ের ঘটনা যেন আরও বাড়ছে।

বিশাল সংখ্যক কর্মী সংকোচন:
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইন্টেল চলতি ২০২৫ সালের শেষ নাগাদ তাদের মোট কর্মী সংখ্যা প্রায় ৭৫,০০০-এ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। যা গত বছর, অর্থাৎ ২০২৪ সালের শেষে ছিল ১০৮,৯০০। রিপোর্ট বলছে, ছাঁটাই, স্বেচ্ছাবসর এবং অন্যান্য কৌশলগত পদক্ষেপের মাধ্যমে এই বিপুল সংখ্যক কর্মী সংকোচন করা হবে। ২০২৫ সালের এপ্রিল মাস থেকেই ইন্টেল তাদের কর্মী সংখ্যা প্রায় ১৫% কমিয়ে এনেছে, যার আনুমানিক সংখ্যা প্রায় ১৫,০০০। এর আগেও, গত বছরও ইন্টেল ১৫,০০০-এর বেশি কর্মী ছাঁটাই করেছিল।

আর্থিক চাপ ও ভবিষ্যৎ পরিকল্পনা:
বর্তমানে ইন্টেলের নিট লোকসানের পরিমাণ ২.৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানা গেছে। তবে, সংস্থাটি আশা করছে, চলতি ত্রৈমাসিকে তাদের রেভিনিউ ১২.৬ থেকে ১৩.৬ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে থাকবে।

কর্মীদের উদ্দেশে লেখা একটি চিঠিতে ইন্টেলের নতুন সিইও লিপ-বু ট্যান (Lip-Bu Tan) স্বীকার করে নিয়েছেন যে, তাদের সংস্থা একটি “মারাত্মক কঠিন সময়ের” মধ্যে দিয়ে যাচ্ছে। চিঠিতে তিনি লিখেছেন, “আমি জানি, গত কয়েকটা মাস একেবারেই সহজ ছিল না। আমরা প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করতে এবং কোম্পানির প্রতিটি স্তরে দায়বদ্ধতা বৃদ্ধি করতে কঠোর কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছি।”

বিশেষজ্ঞদের মত:
বিশেষজ্ঞরা মনে করছেন, ১৯৯০-এর দশকে পার্সোনাল কম্পিউটারের উত্থানের সময় ইন্টেল মাইক্রোপ্রসেসর ব্যবসায় যে আধিপত্য বিস্তার করেছিল, বর্তমানে স্মার্টফোনের ব্যাপক বিস্তার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির ফলে সেই চিপ প্রস্তুতকারী সংস্থাটির ওপর গভীর প্রভাব পড়েছে।

একদিকে কোম্পানির আর্থিক লোকসান এবং অন্যদিকে বাজারে তীব্র প্রতিযোগিতা, এই সব মিলিয়ে শেয়ার বাজারে ইন্টেলের স্টকে বেশ চাপ সৃষ্টি হয়েছে। আর এর মধ্যেই ২৫,০০০-এরও বেশি কর্মী ছাঁটাইয়ের এই বড় খবর সামনে এল, যা ইন্টেলের ভবিষ্যতের কর্মপরিবেশ এবং সামগ্রিক প্রযুক্তি শিল্পের গতিপথ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy