আপনি কি ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজ বা ডিএম-এ ব্যক্তিগত কথাবার্তা বলতে অভ্যস্ত? তবে আজ থেকেই আপনার জন্য রয়েছে বড় বিপদের সংকেত। মেটা কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, আর সেই ঘোষণা মতোই ৮ মে থেকে ইনস্টাগ্রামে বন্ধ হয়ে গেল ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ (End-to-End Encryption) ব্যবস্থা। অর্থাৎ, এতদিন আপনার এবং আপনার পরিচিতর কথোপকথন যে সুরক্ষা বলয়ে ঢাকা ছিল, আজ থেকে তা উন্মুক্ত হয়ে গেল।
কেন এই হঠাৎ বদল?
এতদিন ইনস্টাগ্রামে ব্যবহারকারীরা নিজে থেকে এনক্রিপশন মোড অন করে রাখতে পারতেন, যার ফলে তৃতীয় কোনও পক্ষ বা হ্যাকারদের পক্ষে সেই মেসেজ পড়া অসম্ভব ছিল। কিন্তু মেটার দাবি, বর্তমানে ব্যবহারকারীদের মধ্যে এনক্রিপশন নিয়ে আগ্রহ কমছে, তাই তারা এই ফিচারটি সরিয়ে নিচ্ছে। যদিও টেক বিশেষজ্ঞদের দাবি একেবারেই অন্যরকম। তাঁদের মতে, ইউজারদের ডেটা বা চ্যাট ব্যবহার করে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘মেটা এআই’ (Meta AI)-কে প্রশিক্ষণ দিতেই এই চাল চালছে জুকারবার্গের সংস্থা।
বিপদ ঠিক কোথায়?
সুরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, এনক্রিপশন উঠে যাওয়ার ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, ছবি এবং ভিডিও হ্যাকিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে গেল। বর্তমানে মানুষ ব্যাংকিং ডিটেইলস থেকে শুরু করে একান্ত ব্যক্তিগত মুহূর্ত— সবই সোশ্যাল মিডিয়ার চ্যাটে শেয়ার করেন। এনক্রিপশন না থাকার অর্থ হলো, আপনার ডেটা এখন মেটার সার্ভারে আর ‘গোপন’ কোডে থাকবে না।
মেটার যুক্তি বনাম বাস্তবতা
মজার বিষয় হলো, যখন কয়েক বছর আগে মেটা এই এনক্রিপশন চালু করেছিল, তখন তারা গোপনীয়তা বা ‘প্রাইভেসি’কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছিল। এখন সেই একই সংস্থা দাবি করছে, এনক্রিপশন থাকার ফলে ক্ষতিকর বা অপরাধমূলক কাজে তারা হস্তক্ষেপ করতে পারছে না। কিন্তু পর্দার আড়ালের খবর হলো, এনক্রিপশন চালু থাকলে এআই অ্যালগরিদম মানুষের ব্যক্তিগত চ্যাট পড়তে পারে না, যা মেটার এআই প্রজেক্টের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছিল।
সাবধানতা অবলম্বন জরুরি
এখন থেকে ইনস্টাগ্রামে চ্যাট করার আগে দুবার ভাবুন। কোনও গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড, ভিডিও বা ব্যক্তিগত ছবি আদান-প্রদান করার আগে মাথায় রাখুন যে, এই চ্যাটে নজরদারি চালানো এখন অনেক সহজ। সুরক্ষার খাতিরে গুরুত্বপূর্ণ তথ্যের জন্য অন্য কোনও এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। আজ থেকে ইনস্টাগ্রাম ডিএম-এ আপনার প্রতিটি শব্দই কিন্তু থেকে যেতে পারে মেটার নজরে!





