বড় টেক জায়ান্টদের জন্য কড়া আইন আনতে চলেছে অস্ট্রেলিয়া সরকার। মঙ্গলবার একটি খসড়া আইন (Draft Laws) প্রকাশ করে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিস স্পষ্ট জানিয়েছেন, মেটা (Meta), গুগল (Google) এবং টিকটক (TikTok)-কে এবার থেকে স্থানীয় সংবাদ আউটলেটগুলোর খবরের কনটেন্টের জন্য মোটা টাকা দিতে হবে। যদি তারা স্বেচ্ছায় চুক্তিতে না আসে, তবে তাদের আয়ের ওপর বিশাল অংকের ট্যাক্স বা লেভি দিতে বাধ্য করা হবে।
কেন এই কঠোর পদক্ষেপ?
অস্ট্রেলিয়া সরকারের দাবি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো স্থানীয় সংবাদ সংস্থার আর্টিকেল ব্যবহার করে বিপুল ট্রাফিক তৈরি করে এবং বিজ্ঞাপন থেকে মোটা টাকা আয় করে। অথচ সেই আয়ের ভাগ সংবাদ সংস্থাগুলো পায় না। প্রধানমন্ত্রী অ্যালবেনিস সাংবাদিকদের বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নিউজ মিডিয়া বার্গেনিং কোডের অধীনে তাদের দায়িত্ব এড়াতে পারবে না। সাংবাদিকতার একটি আর্থিক মূল্য থাকা জরুরি।”
বাধ্যতামূলক ২.২৫ শতাংশ ট্যাক্স:
প্রস্তাবিত আইন অনুযায়ী, মেটা, গুগল এবং টিকটককে স্থানীয় পাবলিশারদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ দেওয়া হবে। কিন্তু তারা যদি তা না করে, তবে তাদের অস্ট্রেলীয় রাজস্বের (Revenue) ওপর ২.২৫ শতাংশ হারে বাধ্যতামূলক লেভি দিতে হবে। এই তিনটি কোম্পানিকে তাদের বিশাল ইউজার বেস এবং বার্ষিক আয়ের ভিত্তিতে চিহ্নিত করা হয়েছে।
পুরানো বিতর্ক ও সরকারের অবস্থান:
এর আগে ২০২৪ সালে যখন একই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন মেটা অস্ট্রেলিয়া থেকে তাদের ‘নিউজ’ ট্যাব সরিয়ে ফেলার হুমকি দিয়েছিল। এমনকি গুগলও তাদের সার্চ ইঞ্জিন সীমিত করার হুঁশিয়ারি দিয়েছিল। তবে এবারের খসড়া আইনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে টেক জায়ান্টরা সহজে প্ল্যাটফর্ম থেকে নিউজ সরিয়ে দিতে না পারে। অ্যালবেনিস স্পষ্ট করে দিয়েছেন যে, অস্ট্রেলীয় সাংবাদিকদের তৈরি খবরের কোনো বিকল্প নেই এবং বড় টেক কোম্পানিগুলোকে তাদের ন্যায্য পাওনা মেটাতেই হবে।





