আইপিএল ২০২৬-এর মঞ্চে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এখন খাদের কিনারায়। ১০ ম্যাচে মাত্র ৩টি জয় আর ৭টি হারে পয়েন্ট টেবিলের নবম স্থানে ধুঁকছে হার্দিক পাণ্ডিয়ার দল। গত সোমবার লখনউ সুপার জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়ে রোহিত-সূর্যরা সাময়িকভাবে লড়াইয়ে ফিরলেও, প্লে-অফের পথ এখনও অনেক বন্ধুর। মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরা এখন ড্যালকুলেটর হাতে হিসাব কষছেন—আসলে কী হবে নীল শিবিরের ভবিষ্যৎ?
ম্যাজিক কি সম্ভব? যা বলছে পরিসংখ্যান মুম্বইয়ের হাতে বর্তমানে লিগ পর্যায়ের আর মাত্র ৪টি ম্যাচ বাকি। তাদের বর্তমান পয়েন্ট ৬। প্লে-অফে যাওয়ার নূন্যতম মানদণ্ড সাধারণত ১৪ বা ১৬ পয়েন্ট। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী মুম্বইয়ের পক্ষে ১৬ পয়েন্ট পাওয়া আর সম্ভব নয়। তাদের সর্বোচ্চ পৌঁছানোর জায়গা হলো ১৪ পয়েন্ট।
মুম্বইয়ের জন্য কঠিন সমীকরণ: ১. বাকি সব ম্যাচ জিততে হবে: ৪ ম্যাচের মধ্যে একটিতেও হারলে মুম্বইয়ের বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। অর্থাৎ, আগামী সবকটি ম্যাচই তাদের কাছে ‘ভার্চুয়াল নকআউট’। ২. নেট রান রেটের বড় বাধা: মুম্বইয়ের বর্তমান নেট রান রেট (-০.৬৪৯) অত্যন্ত হতাশাজনক। ১৪ পয়েন্টে যদি অন্য কোনো দল শেষ করে, তবে নেট রান রেটের বিচারে মুম্বই পিছিয়ে পড়ার সম্ভাবনা প্রবল। তাই কেবল জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। ৩. অন্য দলের জয়-পরাজয়: শুধু নিজেরা জিতলে চলবে না, মুম্বইকে তাকিয়ে থাকতে হবে সিএসকে, ডিসি এবং কেকেআর-এর ফলের দিকে। তাদের পয়েন্ট যাতে কোনোভাবেই ১৪-র বেশি না হয়, সেই প্রার্থনাও করতে হবে আম্বানি-বাহিনীকে।
আগামী কঠিন সূচি: মুম্বইয়ের শেষ চারটি লড়াই মোটেও সহজ নয়। ১০ মে ছত্তিশগড়ে আরসিবি-র মুখোমুখি হবে তারা। এরপর ১৪ মে পাঞ্জাব কিংস, ২০ মে ইডেনে কেকেআর এবং সবশেষে ২৪ মে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে পল্টনরা।
ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, রোহিত শর্মা ও রায়ান রিকেলটনের ওপেনিং জুটি ফর্মে ফেরায় আশার আলো দেখা গেলেও, সূর্যকুমার যাদব এবং তিলক বর্মার ধারাবাহিকতার অভাব চিন্তার কারণ। এছাড়া জাসপ্রিত বুমরাহ্’র মতো বোলার রান বিলিয়ে দেওয়ায় মুম্বইয়ের বোলিং আক্রমণ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন দেখার বিষয়, আইপিএলের সবথেকে সফল এই ফ্র্যাঞ্চাইজি শেষ মুহূর্তে কামব্যাক করে প্লে-অফের টিকিট ছিনিয়ে নিতে পারে কি না।





