UGC NET-এ ১০০ পার্সেন্টাইল পেয়ে সর্বভারতীয় স্তরে প্রথম বাংলার নিলুফা ইয়াসমিন!

অধ্যবসায় এবং মেধাকে পাথেয় করে অসম্ভবকে সম্ভব করে দেখালেন পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের নিলুফা ইয়াসমিন। ২০২৫ সালের ইউজিসি নেট (UGC NET) পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল পেয়ে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকার করে তিনি বাংলার মুখ উজ্জ্বল করেছেন। কাটোয়ার পালিটা রোড এলাকার বাসিন্দা নিলুফার এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা শহর।

শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন থেকেই নিলুফা ইউজিসি নেটের প্রস্তুতি শুরু করেছিলেন। এর আগেও তিনি দু’বার এই পরীক্ষায় বসেছিলেন, কিন্তু সে যাত্রায় সাফল্য আসেনি। তবে, সেই ব্যর্থতা তাঁকে দমাতে পারেনি। অদম্য জেদ এবং বিশ্বাস নিয়ে তৃতীয়বারের চেষ্টায় তিনি শুধু সফলই হননি, দেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নিলুফা বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরাল রিসার্চ করছেন। তাঁর গবেষণার বিষয় হলো মধ্যযুগের সঙ্গীত ঐতিহ্য এবং বাংলা সাহিত্যের মিলন। ছোটবেলা থেকেই মনোযোগী এবং মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত নিলুফা স্কুল থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত প্রতিটি পরীক্ষায় কৃতিত্বের সাথে ভালো নম্বর পেয়ে এসেছেন।

নিজের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে নিলুফা বলেন, “প্রথম দু’বার ব্যর্থ হই। মন খারাপ হয়েছিল, কিন্তু কখনও ভেঙে পড়িনি। জানতাম আমি পারব। এবার লক্ষ্য ছিল শুধু পাশ করা নয়, শীর্ষে পৌঁছনো।” আর সেই লক্ষ্যেই তিনি পৌঁছেছেন, যা অসংখ্য স্বপ্ন দেখা তরুণ-তরুণীদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। নিলুফার এই সাফল্য প্রমাণ করে দিল যে, কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প থাকলে যেকোনো বাধাই অতিক্রম করা সম্ভব।