‘SIR হলেও নাম বাদ গেলে বৃহত্তর আন্দোলন হবে’! জাতীয় নির্বাচন কমিশনারকে সরাসরি হুঁশিয়ারি দিলেন অভিষেক

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হতেই পশ্চিমবঙ্গের রাজনীতি সরগরম। জাতীয় নির্বাচন কমিশন (ECI) সোমবার বাংলায় SIR প্রক্রিয়া ঘোষণা করার পর থেকেই শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) এর বিরোধিতা করছে। এই আবহে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নির্বাচন কমিশন এবং বিজেপি-কে উদ্দেশ্য করে কড়া বার্তা দিলেন।

নির্বাচন কমিশনকে সরাসরি নিশানা:

অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) নিশানা করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে, “SIR হলেও যদি কোনও প্রকৃত ভোটারের নাম বাদ যায়, তাহলে বৃহত্তর আন্দোলন হবে।” একইসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, তৃণমূল রাজপথে নামবে এবং জনগণের পাশে থাকবে যতদিন না প্রকৃত ভোটারদের অধিকার সুরক্ষিত হচ্ছে।

শুক্রবার জরুরি ভার্চুয়াল বৈঠক:

এই ইস্যুতেই তৃণমূলের সাংগঠনিক প্রস্তুতি নিশ্চিত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার ভার্চুয়াল বৈঠক আহ্বান করেছেন। কলকাতায় তাঁর অফিস থেকেই এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেলার সভাপতি, বিধায়ক ও সাংসদদের। এছাড়াও ভোট প্রক্রিয়ার দায়িত্বে থাকা জেলা, ব্লক ও বুথ স্তরের পদাধিকারীদেরও ডাকা হয়েছে। দলীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলেই তৃণমূলের বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের (BLA) সঙ্গেও অভিষেক আলাদা করে আলোচনা করতে পারেন।

এনআরসি আতঙ্কে আত্মহত্যা, সরব অভিষেক:

এদিকে আগরপাড়ায় এনআরসি আতঙ্কে এক ব্যক্তির আত্মহত্যার খবর এবং দিনহাটায় আরও এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টার ঘটনার পর রাজ্যের পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই ঘটনার পরেই অভিষেক বলেন, “বাংলায় এনআরসি বা এসআইআরের নাম করে একজনও প্রকৃত ভোটারের নাম বাদ দিতে দেব না।”

বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক আরও বলেন, “আমি লজ্জিত, একটা রাজনৈতিক দল এতটা নীচে নামতে পারে! এলাকায় বিজেপির নেতারা এলে তাঁদের ঘিরে ধরবেন, বেঁধে রাখবেন, জানতে চাইবেন ‘বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি’।” তবে এর সঙ্গেই তিনি দলীয় কর্মীদের সতর্ক করে বলেছেন, “গায়ে হাত দেবেন না। আমরা কারও গায়ে হাত তোলায় বিশ্বাসী নই।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy