OMG! চিতায় আগুন দেওয়ার মুহূর্তে ফিরে এলেন ৩ যুবক, দেখেই চমকে উঠল গোটা গ্রাম

বিহারের পশ্চিম চম্পারণের মাগালহিয়া গ্রামে সম্প্রতি এক অভাবনীয় ঘটনা ঘটেছে, যা গোটা গ্রামকে চমকে দিয়েছে। উত্তরাখণ্ডের হড়পা বানে নিখোঁজ তিন যুবককে মৃত ধরে নিয়ে যখন তাদের প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তারা জীবন্ত ফিরে এলেন।
গত ৫ আগস্ট উত্তরাখণ্ডের ধরালীতে ভয়াবহ হড়পা বানের পর থেকে পশ্চিম চম্পারণের রাহুল মুখিয়া, মুন্না মুখিয়া এবং রবি কুমার নামে উনিশ বছর বয়সী তিন যুবকের আর কোনো খোঁজ মিলছিল না। তারা সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। দীর্ঘ দিন ধরে তাদের পরিবারের সদস্যরা বহু চেষ্টা করেও ফোনে যোগাযোগ করতে পারেননি। একসময় সব আশা ছেড়ে দিয়ে পরিবার ধরে নেয় যে তারা আর বেঁচে নেই। অবশেষে, প্রতীকের শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নেন তারা।
তিনটি কুশপুত্তলিকা তৈরি করে সেগুলোকে চিতায় শুইয়ে আগুনও দেওয়া হয়েছিল। চারপাশ থেকে স্বজনদের কান্নার রোল শোনা যাচ্ছিল। ঠিক সেই সময়ে হঠাৎ শ্মশানে এসে উপস্থিত হন রাহুল, মুন্না এবং রবি। তাদের অপ্রত্যাশিত আগমন দেখে প্রথমে ভূত দেখার মতো চমকে ওঠেন সবাই। এরপর শুরু হয় অবিশ্বাস আর আনন্দের এক মিশেল। শোকের আবহাওয়া মুহূর্তেই পরিণত হয় খুশির উৎসবে।
মাগালহিয়া গ্রামের ৪০ জনেরও বেশি মানুষ এখনও ধরালীর ঘটনার পর নিখোঁজ। সরকারিভাবে কোনো মৃতের তালিকাও গ্রামে এসে পৌঁছায়নি। ফলে, এই তিন যুবকের মতো আরও অনেক পরিবারই আশা ছেড়ে দিয়ে তাদের নিখোঁজ প্রিয়জনদের প্রতীকী শেষকৃত্য সেরে ফেলেছেন। এমন এক কঠিন সময়ে এই তিন যুবকের ফিরে আসা গ্রামে একটি বিরল খুশির মুহূর্ত নিয়ে এসেছে।