NEET-নিয়ে নতুন দিন ঘোষণা করল NTA, জেনেনিন কবে হবে পরীক্ষা?

দেশজুড়ে চলা দীর্ঘ টালবাহানা আর উদ্বেগের অবসান ঘটিয়ে অবশেষে নিট (ইউজি) ২০২৬-এর নতুন দিনক্ষণ ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। সংস্থার সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ জুন, ২০২৬, রবিবার দেশজুড়ে পুনরায় এই প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে।
উল্লেখ্য, এবারের নিট (ইউজি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। দুর্নীতির অভিযোগ ওঠায় মাঝপথেই বাতিল করতে হয় পরীক্ষাটি। দেশের অন্যতম বড় এই প্রবেশিকা পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। দিকে দিকে শুরু হয়েছিল প্রতিবাদ। সেই ডামাডোল কাটিয়েই এবার নতুন করে শুরুর ডাক দিল এনটিএ।
কড়া নিরাপত্তায় ফিরছে স্বচ্ছতা?
নিট একটি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, যার ফলাফলের ভিত্তিতেই দেশের প্রথম সারির মেডিক্যাল কলেজগুলিতে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির সুযোগ মেলে। প্রশ্ন ফাঁসের ঘটনায় পরীক্ষার্থীদের মানসিক চাপ কয়েক গুণ বেড়ে গিয়েছিল। তবে শিক্ষা বিশেষজ্ঞদের ধারণা, এবারের পুনঃপরীক্ষা আয়োজনে কোনো ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র। পরীক্ষাকেন্দ্রে কঠোর নজরদারি এবং ডিজিটাল মনিটরিং-এর মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ জোর দেওয়া হচ্ছে।
গুজব এড়ানোর কড়া বার্তা:
পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য এনটিএ-এর স্পষ্ট বার্তা— সামাজিক যোগাযোগ মাধ্যম বা মেসেজিং অ্যাপে ছড়িয়ে পড়া কোনো উড়ো খবর বা গুজবে কান দেবেন না। পরীক্ষার যাবতীয় খবরের জন্য শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের ওপর ভরসা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
যেকোনো জিজ্ঞাসার জন্য এনটিএ বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে। পরীক্ষার্থীরা প্রয়োজনে ০১১-৪০৭৫৯০০০ এবং ০১১-৬৯২২৭৭০০ নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া ইমেলের মাধ্যমে তথ্য জানতে neet-ug@nta.ac.in ঠিকানায় মেল করার সুযোগও রাখা হয়েছে।
নতুন চ্যালেঞ্জ ও সুযোগ:
দেশজুড়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর কাছে এই ঘোষণা যেমন নতুন এক চ্যালেঞ্জের জন্ম দিয়েছে, তেমনই অনেকের কাছে এটি নতুন করে প্রস্তুতি সেরে নেওয়ার একটি সুযোগ। শেষ পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছভাবে পরীক্ষা সম্পন্ন হবে, এমনটাই আশা করছে ওয়াকিবহাল মহল।