রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি (LIC) তাদের বিনিয়োগকারীদের জন্য বড় উপহারের ঘোষণা করল। গত ৭ এপ্রিল বোর্ড মিটিংয়ের পর সংস্থাটি প্রথমবারের মতো ১:১ অনুপাতে বোনাস শেয়ার (Bonus Share) দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। অর্থাৎ, আপনার কাছে যদি এলআইসি-র একটি শেয়ার থাকে, তবে আপনি বিনামূল্যে আরও একটি শেয়ার পাবেন। ২০২২ সালে বাজারে লিস্টিং হওয়ার পর এই প্রথম এমন ঘোষণা করল কোম্পানি।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ জুনের মধ্যে এই বোনাস শেয়ার দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শেয়ারের দাম সাধারণ মানুষের নাগালে রাখা এবং বাজারে লিকুইডিটি বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ। তবে এই সুবিধা কেবল তারাই পাবেন যাদের কাছে ‘রেকর্ড ডেট’-এর আগে কোম্পানির শেয়ার থাকবে। যদিও এখনও রেকর্ড ডেট চূড়ান্ত হয়নি, তবে এলআইসি-র এই ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
আর্থিক পরিসংখ্যান বলছে, গত ডিসেম্বর ত্রৈমাসিকে LIC-র নিট মুনাফা ১৭ শতাংশ বেড়ে ১২,৯৩০ কোটি টাকায় দাঁড়িয়েছে। লগ্নিকারীদের জন্য এটি সুবর্ণ সুযোগ হলেও মনে রাখতে হবে, বোনাস শেয়ারের ফলে স্টকের সংখ্যা বাড়লেও তাৎক্ষণিকভাবে বিনিয়োগের মোট মূল্যে পরিবর্তন হয় না, কেবল শেয়ারের দাম অ্যাডজাস্ট হয়ে যায়।





