CRPF- জওয়ানের অ্যাকাউন্ট থেকে গায়েব ১ লক্ষ ২৫ হাজার টাকা! চিন্তায় ঘুম উড়েছে পরিবারের

একদিকে দেশরক্ষার দায়িত্ব, অন্যদিকে বাড়িতে লোনের বোঝা। এমন কঠিন পরিস্থিতির মধ্যে হঠাৎ করে এক সিআরপিএফ (CRPF) জওয়ানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ১ লক্ষ ২৫ হাজার টাকা। এই ঘটনায় চিন্তায় ঘুম উড়েছে বাঁকুড়ার বেলিয়াতোড়ের এক পরিবারের।

বাঁকুড়ার বেলিয়াতোড় থানার ডাংচাওলা গ্রামের গৃহবধূ রাখি পাল জানান, তাঁর স্বামী জয়দেব পাল মণিপুরে সিআরপিএফে কর্মরত। এক মাসের ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। কিন্তু জরুরি তলব পেয়ে ৯ মে সাত দিনের মাথায় তাকে ফিরে যেতে হয়। দুর্গাপুর স্টেশন থেকে যখন তিনি গুয়াহাটিগামী ট্রেনে উঠছিলেন, তখনই তার পকেট থেকে ফোন, এটিএম কার্ড ও মানিব্যাগ চুরি হয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি এক টিটির ফোন থেকে স্ত্রীকে এই ঘটনা জানান।

রাখি পাল জানান, চুরির পরপরই জয়দেব পালের অ্যাকাউন্ট থেকে দফায় দফায় ১ লক্ষ ২৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো, বাড়ি থেকে বেরোনোর দু’দিন আগে একটি জরুরি কাজের জন্য এই টাকা লোন নেওয়া হয়েছিল। এখন কীভাবে সেই লোন শোধ হবে, তা ভেবে পরিবারের সকলের রাতের ঘুম উড়ে গেছে।

এই ঘটনার তিন মাস কেটে গেলেও এখনও কোনো সুরাহা হয়নি। রাখিপাল স্থানীয় বেলিয়াতোড় থানা, বাঁকুড়া সাইবার ক্রাইম এবং বর্ধমান জিআরপিএফ-এ লিখিত অভিযোগ জানিয়েছেন। তিনি প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন, যাতে এই সমস্যার সমাধান হয়। দেশের জন্য কর্মরত এক জওয়ানের সঙ্গে এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভ সৃষ্টি হয়েছে।