CM পদের বিতর্ক,’ঐক্যের বার্তা দিতে ২ বিধায়ককে কড়া নোটিশ কংগ্রেসের! কী আছে চিঠিতে?

কর্ণাটকে মুখ্যমন্ত্রীর কুর্সি বদল নিয়ে ফের বিতর্ক তুঙ্গে। উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে (DK Shivakumar) পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরে প্রকাশ্যে মন্তব্য করার জন্য কর্ণাটক কংগ্রেস দুই শীর্ষ নেতাকে শোকজ নোটিশ জারি করল। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে দল।

যাদের নোটিশ দেওয়া হয়েছে, তারা হলেন প্রাক্তন সাংসদ এলআর শিবারামে গৌড়া এবং তুমকুর বিধায়ক এইচডি রঙ্গনাথ। কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির (KPCC) ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, মুখ্যমন্ত্রীর পদ পরিবর্তন নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা এআইসিসি-র (AICC) নির্দেশিকার স্পষ্ট লঙ্ঘন এবং এটি দলীয় শৃঙ্খলার পরিপন্থী।

এলআর শিবারামে গৌড়া প্রকাশ্যে দাবি করেছিলেন, ডিকে শিবকুমার মুখ্যমন্ত্রী হবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এমনকি তিনি এও বলেন যে হাইকমান্ড দুই নেতাকে (সিদ্দারামাইয়া ও শিবকুমার) আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব ভাগ করে দেওয়ার আশ্বাস দিয়েছে। অন্যদিকে, বিধায়ক এইচডি রঙ্গনাথ শিবকুমারকে ‘রাজনৈতিক গুরু’ এবং ‘রাইজিং স্টার’ বলে উল্লেখ করে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেন।

তবে এই বিতর্কে হস্তক্ষেপ করে ডিকে শিবকুমার নিজেই। তিনি কঠোরভাবে তার সহকর্মীদের সতর্ক করে বলেন যে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে কেউ যেন কোনও মন্তব্য না করেন। তার নির্দেশেই ওয়ার্কিং প্রেসিডেন্ট জিসি চন্দ্রশেখরের মাধ্যমে দুই নেতাকে এক সপ্তাহের মধ্যে জবাব চেয়ে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। শিবকুমার স্পষ্ট জানিয়ে দেন, সিদ্দারামাইয়া এবং তিনি একসঙ্গে হাইকমান্ডের নির্দেশ মেনে কাজ করছেন।