ভোট উৎসবের মরসুমে আপনার হাতে কি ভোটার স্লিপ পৌঁছেছে? নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, BLO-দের বাড়ি বাড়ি গিয়ে ভোটার ইনফরমেশন স্লিপ (VIS) দেওয়ার কথা। কিন্তু কোনও কারণে আপনি যদি তা না পেয়ে থাকেন, তবে চিন্তার কিছু নেই। এখন অনলাইনেই নিজের ভোটার স্লিপ ডাউনলোড করে নেওয়া সম্ভব।
ভোটার স্লিপ কেন জরুরি?
ভোটার স্লিপে আপনার নাম, ঠিকানা, ভোটকেন্দ্রের অবস্থান এবং ভোটের তারিখ ও সময়ের উল্লেখ থাকে। এছাড়া এতে একটি QR কোড থাকে, যা ভোটকেন্দ্রে তথ্য যাচাইয়ের কাজকে দ্রুত করে। তবে মনে রাখবেন, ভোটার স্লিপ থাকলেও ভোট দেওয়ার জন্য আপনার কাছে পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক।
অনলাইনে ভোটার স্লিপ ডাউনলোডের সহজ ধাপ:
যদি BLO স্লিপ না দিয়ে যান, তবে নিচের পদ্ধতি অনুসরণ করুন: ১. গুগলে গিয়ে CEO West Bengal লিখে সার্চ করুন বা সরাসরি ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে যান। ২. হোমপেজে ‘Electors’ অপশনে ক্লিক করুন। ৩. এরপর ‘Search Your Name in Electoral Roll’ অপশনটি বেছে নিন। ৪. আপনার ভোটার কার্ডের নম্বর (EPIC Number), রাজ্যের নাম এবং ক্যাপচা কোড দিয়ে সার্চ করুন। ৫. আপনার তথ্যের নিচে ‘View Details’-এ ক্লিক করলেই ভোটার স্লিপটি খুলে যাবে। ৬. সবশেষে ‘Print Voter Information’-এ ক্লিক করে সেটি ডাউনলোড করে নিন।
ভোটার কার্ড নেই? এই ১২টি নথির যে কোনও একটি থাকলেই হবে!
ভোট দিতে যাওয়ার সময় ভোটার কার্ড বা EPIC কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক। তবে ভোটার কার্ড না থাকলেও ভয় পাবেন না। কমিশন নির্ধারিত ১২টি বিকল্প পরিচয়পত্রের যে কোনও একটি দেখালেও আপনি ভোট দিতে পারবেন। এর মধ্যে রয়েছে:
আধার কার্ড
পাসপোর্ট
প্যান কার্ড
ড্রাইভিং লাইসেন্স
ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক (ছবিসহ)
মনরেগা জব কার্ড
স্বাস্থ্য বিমার স্মার্ট কার্ড ইত্যাদি।
সতর্কবার্তা: ভোটার ইনফরমেশন স্লিপ আপনার বুথ খুঁজে পেতে সাহায্য করে মাত্র, এটি কিন্তু স্বতন্ত্র পরিচয়পত্র হিসেবে গণ্য হয় না। তাই বুথে যাওয়ার সময় অরিজিনাল পরিচয়পত্র নিতে ভুলবেন না।





