BCCI-এর বড় ধামাকা! T-20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা, বাদ পড়লেন একঝাঁক তারকা!

২০২৫-এর ওডিআই বিশ্বকাপে ইতিহাস গড়েছিলেন ভারতের প্রমিলা বাহিনী। এবার মিশন ইংল্যান্ড। আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলেছে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। এই মেগা টুর্নামেন্টের জন্য শনিবার ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। প্রত্যাশা মতোই দলের নেতৃত্বের ব্যাটন থাকছে অভিজ্ঞ হরমনপ্রীত কউরের হাতে। তাঁর ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাবেন স্মৃতি মান্ধানা।

স্কোয়াডে একঝাঁক নতুন মুখ ও চমক

এবারের স্কোয়াডে সবথেকে বড় চমক হিসেবে উঠে এসেছে তরুণী নন্দনী শর্মার নাম। উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL) গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে হ্যাটট্রিক-সহ ১০ ম্যাচে ১৭ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কেড়েছিলেন তিনি। কাশভি গৌতমের চোট থাকায় বিকল্প হিসেবে নন্দনীকেই বেছে নিয়েছেন নির্বাচকরা। এছাড়াও ডব্লিউপিএল-এ ১৪০ স্ট্রাইক রেটে রান করা ভারতী ফুলমালিকেও রাখা হয়েছে স্কোয়াডে। বাংলা তথা শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ উইকেটকিপার হিসেবে থাকছেন টিম ইন্ডিয়ার অন্যতম প্রধান স্তম্ভ।

চোটের কোপে ছিটকে গেলেন যারা

বিশ্বকাপের দৌড়ে ভারতের অন্যতম কাঁটা হয়ে দাঁড়িয়েছে চোট। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সিরিজে নজরকাড়া অলরাউন্ডার কাশভি গৌতম চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন। একই কারণে নেই আমনজ্যোৎ কৌর ও পূজা বস্ত্রকর। এই তিন নির্ভরযোগ্য তারকার অনুপস্থিতি ভারতের পেস অ্যাটাকে কিছুটা অভাব তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, খারাপ ফর্মের কারণে দলে জায়গা পাননি তারকা ক্রিকেটার হার্লিন দেওল।

কামব্যাক করলেন চোট সারিয়ে

ভারতীয় শিবিরে স্বস্তির খবর হলো ইয়াস্তিকা ভাটিয়া এবং শ্রেয়াঙ্কা পাতিলের প্রত্যাবর্তন। ব্যাকআপ ওপেনার ও উইকেটকিপার হিসেবে ইয়াস্তিকা দলে ফিরেছেন। পাশাপাশি আরসিবি-র হয়ে ডব্লিউপিএল-এ দুরন্ত পারফর্ম করা স্পিনার শ্রেয়াঙ্কা পাতিল থাকছেন দলের স্পিন বিভাগের বড় ভরসা।

আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সম্পূর্ণ ভারতীয় স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া, ভারতী ফুলমালি, দীপ্তি শর্মা, শ্রী চরণী, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, অরুন্ধতী রেড্ডি ও নন্দনী শর্মা।

উল্লেখ্য, ১২ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে এই টুর্নামেন্ট। ২০২৫-এর ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের পর এবার কুড়ি-বিশের ফর্ম্যাটেও শ্রেষ্ঠত্ব প্রমাণের লক্ষ্যে ঝাঁপাতে প্রস্তুত হরমনপ্রীতের ‘উইমেন ইন ব্লু’।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy