কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর! দীর্ঘ প্রতীক্ষিত অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে তোড়জোড় শুরু হয়েছে তুঙ্গে। যদি কর্মচারী সংগঠনগুলোর দাবি মেনে নেওয়া হয়, তবে সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন বা বেসিক স্যালারি এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে যেতে পারে।
১৮ হাজার থেকে সরাসরি ৬৯ হাজার?
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক পে ১৮,০০০ টাকা। তবে ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM) সরকারের কাছে ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকরের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব গৃহীত হলে ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ৬৯,০০০ টাকা। অর্থাৎ, মূল বেতন একলাফে বাড়বে প্রায় ৫১,০০০ টাকা!
কেন এই বিপুল বেতন বৃদ্ধির দাবি? ইউনিয়নগুলোর দাবি, এই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে পুরনো কাঠামোয় সংসার চালানো অসম্ভব। এবারের বেতন বৃদ্ধির দাবির পেছনে রয়েছে বৈজ্ঞানিক যুক্তি:
৫ জনের পরিবার: আগে ৩ জনের পরিবার ধরে হিসেব হতো, এবার ৫ জনের পরিবারকে মানদণ্ড করা হয়েছে।
নতুন ডায়েট প্ল্যান: আইসিএমআর (ICMR)-এর নির্ধারিত ৩,৪৯০ ক্যালোরির ডায়েট চার্ট অনুযায়ী খাবারের খরচ ধরা হয়েছে।
বাজার দর: দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর মতো মেগাসিটির সরকারি বিপণির গড় দাম যাচাই করে এই খসড়া তৈরি হয়েছে।
সরকার কি মানবে এই দাবি?
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা এই বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ জমা দিতে পারবেন। তবে সংশয়ও রয়েছে। সপ্তম বেতন কমিশনের সময় কর্মীরা ৩.৭১ ফিটমেন্ট ফ্যাক্টর চাইলেও সরকার তা ২.৫৭-তে আটকে দিয়েছিল। ফলে এবারও রাজস্ব ঘাটতির কথা মাথায় রেখে সরকার চূড়ান্ত সংখ্যায় কিছুটা কাটছাঁট করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে আলোচনা যে ইতিবাচক দিকে এগোচ্ছে, তা পরিষ্কার। ৩০ এপ্রিলের পর সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে কয়েক লক্ষ কেন্দ্রীয় কর্মচারী।





