“ইউপি-তে মাফিয়াদের ওপর বুলডোজার চলে, বাংলাতেও…” খাস কলকাতায় দাঁড়িয়ে হুঙ্কার যোগী আদিত্যনাথের!

বাংলার বিধানসভা নির্বাচনের মহারণে এবার সরাসরি তিলোত্তমার বুকেই হুঙ্কার ছাড়লেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার জোড়াসাঁকোর নির্বাচনী জনসভা থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানানোর পাশাপাশি প্রথম দফার ভোট নিয়ে বড়সড় ভবিষ্যৎবাণী করলেন এই বিজেপি নেতা।

প্রথম দফাতেই কি কিস্তিমাত বিজেপির?

বাংলার ১৬টি জেলার ১৫২টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ আসন্ন। উত্তরবঙ্গ থেকে শুরু করে জঙ্গলমহল—এই বিশাল এলাকার জয় নিয়ে আত্মবিশ্বাসী যোগী। এদিনের সভা থেকে তিনি দাবি করেন, “পরিবর্তন চাইছে বাংলার মানুষ। প্রথম দফার ভোটে ৮০ শতাংশের বেশি আসন জিতবে বিজেপি। আগামী ৪ঠা মে বাংলায় গেরুয়া ঝড় উঠবে এবং বাংলা আবার সোনার বাংলা হয়ে উঠবে।”

বুলডোজার ও ‘ইউপি মডেল’

পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থার সঙ্গে উত্তরপ্রদেশের ‘ডাবল ইঞ্জিন’ সরকারের তুলনা টেনে যোগী বলেন, “২০১৭ সালের আগে উত্তরপ্রদেশেও একই রকম অরাজকতা আর গুণ্ডারাজ চলত। এখন সেখানে ‘নো কারফিউ, নো দাঙ্গা’। এখন ইউপি-তে সব চাঙ্গা!” তিনি আরও যোগ করেন, “সেখানে কোনও মাফিয়া বা গুণ্ডা মাথা তুলে দাঁড়ালে তার ওপর বুলডোজার চলে। বাংলার অপশাসন বন্ধ করতে হলেও বিজেপিকে ভোট দিতে হবে।”

ভুল সংশোধন ও মনীষী স্মরণ

সম্প্রতি পুরুলিয়ার এক সভায় নেতাজির উক্তি স্বামী বিবেকানন্দের নামে বলে বিতর্কে জড়িয়েছিলেন যোগী। তবে এদিন জোড়াসাঁকোয় দাঁড়িয়ে অত্যন্ত সতর্কভাবে মহাপুরুষদের নাম স্মরণ করেন তিনি। শুরুতেই ঠাকুরবাড়ির ঐতিহ্যকে প্রণাম জানিয়ে তিনি বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি গোটা দেশকে গর্বিত করেছে। স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়—সবাই আমাদের প্রেরণা।”

তৃণমূলকে ‘লুট’-এর তোপ

রাজ্যের বেকারত্ব ও কৃষকদের সমস্যা তুলে ধরে যোগীর কটাক্ষ, “বাংলার এই পুণ্যভূমিতে আগে কংগ্রেস লুট চালিয়েছে, তারপর বামেরা আর গত ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেস শুধু লুটতরাজ চালাচ্ছে।” তাঁর দাবি, ৩৭০ ধারা তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করেছেন।

উল্লেখ্য, প্রথম দফায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি থেকে শুরু করে দুই মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমের মতো গুরুত্বপূর্ণ সব জেলায় ভোটগ্রহণ হতে চলেছে। এই ১৫২টি আসনের ফলাফলই যে রাজ্যের মসনদ দখলের মূল চাবিকাঠি হতে যাচ্ছে, তা যোগীর কথাতেই স্পষ্ট।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy