৭ জন গ্রেফতার, সিঙ্গাপুরে নোটিস! জুবিন গর্গের ভিসেরা রিপোর্ট প্রকাশ্যে এলেও কেন CID তদন্তের দাবি, কী বলছে SIT?

জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর পর ন্যায়বিচারের দাবিতে এখন সরব গোটা দেশ। ভিসেরা রিপোর্ট প্রকাশ হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়, তাই টক্সিকোলজি রিপোর্টের অপেক্ষায় অসমের মানুষ। এই পরিস্থিতিতে এবার জুবিনের ন্যায়বিচার চেয়ে সরাসরি সিআইডি (CID)-এর দ্বারস্থ হয়েছেন তাঁর পরিবারের ঘনিষ্ঠ, পরিচিত ‘অরুণ গর্গ’।

জুবিনের পরিবারের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও, অরুণ দীর্ঘদিন ধরে গর্গ পরিবারের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। তিনি জুবিনের শেষকৃত্যে অংশ নেওয়া ৪ জন ব্যক্তির মধ্যে একজন ছিলেন এবং জুবিনের প্রতি তাঁর ভালোবাসার কারণে নিজের পদবি পরিবর্তন করে অরুণ গর্গ পদবি ব্যবহার করতেন।

সিআইডি তদন্তের দাবি:
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অরুণ গর্গ বলেন, “আমরা আমাদের দাদার জন্য বিচার চাই। দাদার জন্য বিচার চাই খুব তাড়াতাড়ি, দাদা অকালে চলে গিয়েছেন। এতদিন পর্যন্ত কেউ কেন CID-র দ্বারস্থ হয়নি, সেটাই আমায় অবাক করছে।”

অরুণ আরও দাবি করেন, জুবিনের মামলার সঙ্গে যুক্ত যে ব্যক্তিরা বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন, তাঁদের সবাইকে ভারতে নিয়ে এসে তদন্ত করা উচিত। তিনি প্রশ্ন তোলেন, “আমি তো অবাক হয়ে যাচ্ছি, ওদের কেন এখানে টেনে আনা হচ্ছে না?”

মামলার তদন্তের পরিস্থিতি:
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি প্রমোদতরণীতে পার্টি চলাকালীন স্কুবা ডাইভিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে বিভিন্ন অভিযোগ সামনে আসায় বর্তমানে এই মামলায় একাধিক তথ্য যাচাই করা হচ্ছে।

SIT প্রধান ADGP মুন্না প্রসাদ গুপ্তা জানিয়েছেন, ভিসেরা রিপোর্ট গুয়াহাটি মেডিক্যাল কলেজের ডাক্তারদের প্যানেলে পাঠানো হয়েছে, যাঁরা গায়কের মৃতদেহের ময়নাতদন্ত করেছিলেন। টক্সিকোলজি রিপোর্ট হাতে আসার পরই চূড়ান্ত রিপোর্ট শীঘ্রই আদালতে জমা দেওয়া হবে এবং পরিবারের সঙ্গে শেয়ার করা হবে।

গুপ্তা নিশ্চিত করেছেন যে, এ পর্যন্ত এই মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন। পাশাপাশি, সিঙ্গাপুরের বেশ কয়েকজনকে নোটিস জারি করা হয়েছে। তাঁদের মধ্যে একজন ইতিমধ্যেই SIT-এর সামনে হাজির হয়ে বিবৃতি রেকর্ড করেছেন, এবং বাকিরাও শীঘ্রই তদন্তে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।