৫ শতাব্দী ধরে একইরকম ঐতিহ্য! বীরভূমের এই পুজোয় কেন বিসর্জনের দিন বিতরণ করা হয় চকোলেট?

বীরভূমের মারগ্রাম থানার বসোয়া গ্রামের রায়পাড়ার দুর্গাপূজা ৫০০ বছরের প্রাচীন এক ঐতিহ্য। প্রতি বছরই এই পুজো মহাসমারোহে পালিত হয়। রায়বাড়ির এই পুজোয় কিছু অনন্য প্রথা রয়েছে, যা একে অন্য পুজো থেকে আলাদা করে তুলেছে।

রায়বাড়ির পুরোহিত সুকুমার রায় জানিয়েছেন, সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন এখানে বলি দেওয়ার প্রথা প্রচলিত আছে। সপ্তমীর দিনে দেবীকে ফল দিয়ে অন্নভোগ নিবেদন করা হয়। অষ্টমীর দিনে দেওয়া হয় লুচি ও সুজির ভোগ। এরপর নবমীর দিনে আবার অন্নভোগের ব্যবস্থা থাকে। আর দশমীর দিন কুমারী পুজোর পর বাড়ির মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। ওই দিন দই-চিঁড়ে, লুচি, সুজি, মিষ্টি ও ফল দিয়ে দেবীকে ভোগ নিবেদন করা হয়।

এই পুজোর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো, বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের পর সবার মধ্যে চকোলেট বিতরণ করা হয়। এই ৫০০ বছরের প্রাচীন প্রথা আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। গ্রামের যে সকল বাসিন্দা কাজের সূত্রে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে থাকেন, তারাও পুজোর এই চারটি দিনের জন্য বাড়ি ফিরে আসেন। সকলে একসঙ্গে মিলে আনন্দ-উল্লাসে মা উমার আরাধনায় মেতে ওঠেন। এই পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং গ্রামের মানুষের মিলন ও ভালোবাসার প্রতীকও।