করমর্দন না করায় ভারতের সমালোচনা, পিসিবি প্রধান বললেন ‘খেলোয়াড়সুলভ মনোভাবের অভাব’

এশিয়া কাপে পাকিস্তানকে হারানোর পর ভারতীয় দলের খেলোয়াড়রা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নকভি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। একই সাথে, তিনি ভারতের আচরণকে ‘খেলোয়াড়সুলভ মনোভাবের অভাব’ বলে উল্লেখ করেছেন।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে মহসিন নকভি লেখেন, “আজ খেলোয়াড়সুলভ মনোভাবের অভাব দেখে আমি অত্যন্ত হতাশ। খেলায় রাজনীতিকে টেনে আনা খেলাধুলার চেতনার পরিপন্থী।” উল্লেখ্য, মহসিন নকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। কয়েক দিন আগে পর্যন্ত তিনি ভারতের বিরুদ্ধে হামলার হুমকি দিয়েছিলেন।

ম্যাচ শেষে পাকিস্তানের ম্যানেজার নাভিদ আকরাম চিমাও এই বিষয়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন।

পাকিস্তানের কোচ মাইক হেসন জানান, তারা ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে আগ্রহী ছিলেন। তিনি বলেন, “আমরা হতাশ হয়েছি যে আমাদের প্রতিপক্ষ হাত মেলায়নি। যখন আমরা করমর্দন করতে গিয়েছিলাম, তখন তারা ইতিমধ্যে ড্রেসিংরুমে চলে গিয়েছিল।” তিনি আরও বলেন যে, এই হতাশাজনক ঘটনার কারণেই পাকিস্তান দলের অধিনায়ক সলমন আলি আঘা ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে যোগ দেননি।

এই বিতর্কের প্রসঙ্গে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “আমরা এখানে আসার সময়ই সিদ্ধান্ত নিয়েছিলাম যে খেলতেই আসছি। আমরা জবাব দিতে চেয়েছিলাম। ভারতীয় ক্রিকেট বোর্ড ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা একমত।”

সূর্য এই জয়টি ভারতীয় সেনাদের উৎসর্গ করেন এবং পহেলগাঁও হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, “এই জয় আমরা ভারতীয় সেনাবাহিনীকেও উৎসর্গ করছি। যে সাহস ওরা দেখিয়েছে তার তুলনা নেই।” তার বক্তব্যে স্পষ্ট যে, এই ইস্যুতে ভারতীয় দল এবং বোর্ডের অবস্থান খুবই দৃঢ়।