৫ বছর ধরে জেলে উমর খালিদ, শারজিল ইমাম! অবশেষে তাঁদের জামিন আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে

দিল্লি দাঙ্গা মামলায় গ্রেফতার হওয়া উমর খালিদ, শারজিল ইমাম সহ মোট আটজনের জামিন আবেদনের বিষয়ে দিল্লি পুলিশকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এন ভি অঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৭ অক্টোবর।
দীর্ঘ ৫ বছর ধরে বন্দি
শুনানির শুরুতে আবেদনকারীদের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, অভিযুক্তরা গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিনা জামিনে জেলে আছেন। তারা সকলেই প্রাক্তন ছাত্রছাত্রী। সিংভি অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করলেও আদালত জানায়, তারা মূল মামলাটিরই চূড়ান্ত নিষ্পত্তি করবে।
হাইকোর্টের পর্যবেক্ষণ
এর আগে গত ২ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট উমর খালিদ-সহ নয় জনের জামিন আবেদন খারিজ করে দিয়েছিল। হাইকোর্ট জানিয়েছিল, ভারতীয় সংবিধান নাগরিকদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ, আন্দোলন ও জনসভার অধিকার দিলেও তা আইনের আওতার বাইরে নয়।
উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে নাগরিকত্ব আইন (CAA) ও এনআরসি বিরোধী আন্দোলনের সময় দিল্লিতে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে। ওই হিংসায় ৫৩ জন প্রাণ হারান এবং ৭০০ জনেরও বেশি আহত হন। এই দাঙ্গার মূল ষড়যন্ত্রী হিসেবে উমর খালিদ, শারজিল ইমাম-সহ একাধিক ছাত্রনেতার বিরুদ্ধে ইউএপিএ (UAPA) সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। যদিও অভিযুক্তরা নিজেদের নির্দোষ বলে দাবি করেন।