৫০ লক্ষ টাকার চিকিৎসা, বিরল রোগে আক্রান্ত শিশুর জীবন বাঁচাতে দেবদূতের রূপে কান্দি আইসি মৃণাল সিনহা!

অপরাধ দমনের কঠোর কর্তব্যের বাইরেও এক পুলিশ আধিকারিকের মানবিক মুখ ফের একবার সামনে এল মুর্শিদাবাদে। বিরল রোগে আক্রান্ত পাঁচ বছরের এক শিশুর চিকিৎসায় প্রায় ৫০ লক্ষ টাকার প্রয়োজন, যা জোগাড় করতে না পেরে দিশাহারা পরিবারের পাশে এসে দাঁড়ালেন কান্দি থানার ইন-চার্জ (আইসি) মৃণাল সিনহা।
গোকর্ণ কোনাই পাড়া গ্রামের বাসিন্দা পরেশ কোনাই ও কিশোরী কোনাইয়ের পাঁচ বছরের সন্তান প্রিয়জিৎ কোনাই বিরল Wiskott Aldrich Syndrome-এ আক্রান্ত। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিশুটির বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট জরুরি। ফেব্রুয়ারি মাসে রোগটি ধরা পড়ার পর থেকেই মাঝেমধ্যে রক্তে প্লেটলেট কমে যাওয়ার কারণে শিশুটির নাক ও চোখ দিয়ে রক্তপাত শুরু হয়।
বর্তমানে চণ্ডীগড়ে চিকিৎসার জন্য এই নভেম্বর মাসেই দিন ধার্য করা হয়েছে, যার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। দিন আনা দিন খাওয়া পরিবারটির পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব ছিল। গ্রামের বাসিন্দারা সাহায্যের হাত বাড়ালেও তা ছিল অপ্রতুল।
অসহায় পরিবারটি যোগাযোগ করে কান্দি থানার আইসি মৃণাল সিনহার সঙ্গে। তিনি মানবিকতার নজির স্থাপন করে তাঁর বন্ধু ও সহকর্মীদের সাথে দ্রুত যোগাযোগ করেন এবং চিকিৎসার জন্য দুই লক্ষ টাকা জোগাড় করে শিশুটির পরিবারের হাতে তুলে দেন।
শিশুর পরিবারের সদস্যরা আইসি-এর এই ভূমিকায় আপ্লুত। তাঁরা জানান, এর আগেও একাধিকবার মৃণালবাবুর সমাজসেবামূলক ও মানবিক রূপ দেখা গিয়েছে। একজন পুলিশ অফিসারের এমন সহানুভূতি দেখে এলাকার মানুষ গর্বিত। সকলেই ছোট্ট প্রিয়জিৎ-এর দ্রুত সুস্থতা কামনা করেছেন।