ধূপকাঠির এক স্ফুলিঙ্গেই মুহূর্তের মধ্যে ছাই গোটা বাড়ি! রবীন্দ্রপল্লীর অগ্নিকাণ্ড, টিভি-বাসন থেকে শাড়ি, কিছুই বাঁচল না

সিউড়ি থানার রবীন্দ্রপল্লীতে বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি হতদরিদ্র পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। স্থানীয় সূত্রে খবর, একটি বাড়ির মধ্যে হঠাৎই আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা ঘর গ্রাস করে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও, ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, ইলেকট্রনিক্স জিনিসপত্র, কাপড়চোপড়, এমনকি বাসনকোসন পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি।

বাড়ির মালিক অঞ্জলি দাস জানান, সন্ধ্যায় জ্বালানো ধূপকাঠি থেকেই এই চরম বিপর্যয়। তিনি আক্ষেপ করে বলেন, “ভাইয়ের মেয়েটা সন্ধ্যা দেওয়ার সময় ধূপকাঠি জ্বালিয়েছিল। আমরা তখন বাড়িতে ছিলাম না। ফিরে এসে দেখি সব শেষ!” অঞ্জলি দাস আরও বলেন, “আমি ধার দেনা করে ঘর করেছিলাম। এখন কিছুই নেই। শুধু গায়ে যে শাড়িটা আছে, সেটুকুই রইল।”

অগ্নিকাণ্ডের তীব্রতা এতটাই ছিল যে টিভি, ফ্যান, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র, এমনকি টিনের চালা পর্যন্ত ভস্মীভূত হয়ে গিয়েছে। অঞ্জলি দাসের ননদ উর্মিলা দাস জানান, “ঘরের সমস্ত জিনিস—কাপড়, চৌকি, টিভি, বাসন, বইখাতা কিছুই অবশিষ্ট নেই।”

ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ও সিউড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়-ক্ষতি বিপুল। পুলিশ ঘটনার কারণ খতিয়ে দেখছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনিক সাহায্যের দাবি জানিয়েছেন, যাতে সর্বস্বান্ত পরিবারটি ঘুরে দাঁড়াতে পারে।