“৩৬-এ দ্বিতীয়বার পিঁড়িতে সায়কের ‘কূটনী বৌদি’! মা হওয়ার ইচ্ছাই কি মূল কারণ?

ছোট পর্দার পরিচিত মুখ এবং সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ‘কূটনী বৌদি’ সুস্মিতা রায় ফের বিয়ের পিঁড়িতে। গত বছর অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পর সুস্মিতাকে নিয়ে চর্চা থামেনি। তবে মঙ্গলবার সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের দ্বিতীয় বিয়ের খবর ভাগ করে নিলেন অভিনেত্রী। ৩৬ বছর বয়সে এসে কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে এক আবেগঘন পোস্ট করেছেন তিনি।

‘মা হতে চেয়েছি বরাবরই’ সোশ্যাল মিডিয়ায় বিয়ের মণ্ডপ থেকে দুটি হাত এক হওয়ার ছবি পোস্ট করে সুস্মিতা লিখেছেন, “মা হতে চেয়েছি বরাবরই। এই একটা শব্দ শোনার আশা কখনও মন থেকে মুছে যায়নি। আজ ৩৬ বছর বয়সে এসে আর কোনও ভনিতা করার সময় নেই।” উল্লেখ্য, সব্যসাচীর সঙ্গে দাম্পত্য চলাকালীন সুস্মিতা সন্তানসম্ভবা হলেও সেই সন্তান ভূমিষ্ঠ হতে পারেনি। সেই না-পাওয়ার যন্ত্রণা থেকেই কি দ্রুত এই নতুন জীবন শুরু? সুস্মিতার পোস্টে সেই ইঙ্গিতই স্পষ্ট।

সায়কের রহস্যময় পোস্ট ও হবু বরের পরিচয় সুস্মিতার প্রাক্তন দেওর তথা জনপ্রিয় ভ্লগার সায়ক চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন সবার জানা। সুস্মিতার বিয়ের খবরে সায়ক একটি পুরনো ছবি পোস্ট করে লিখেছেন, “ভেবে ভালো লাগছে এই বরটাও আমারই খুঁজে দেওয়া। তবে বর হবে জানতাম না।” সায়কের এই টিপ্পনী ঘিরে রহস্য দানা বেঁধেছে। তিনি আরও যোগ করেন, “এবার থামিস প্লিজ, এটাই যেন শেষ বিয়ে হয়। এবার মা হলে আর নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করিস না।”

পাত্রটি কে? বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান এবং আইবুড়োভাতের ছবি শেয়ার করলেও, সুস্মিতা তাঁর নতুন জীবনসঙ্গীর নাম বা পরিচয় এখনও আড়ালেই রেখেছেন। তবে সায়কের পোস্ট অনুযায়ী, পাত্রটি সম্ভবত তাঁদের পূর্বপরিচিত এবং সায়কের মাধ্যমেই সুস্মিতার সঙ্গে তাঁর আলাপ।

বিচ্ছেদ, একাকীত্ব এবং ট্রোলিং— সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে সুস্মিতা এখন নতুন শুরুর অপেক্ষায়। ভক্তরা তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেও, সবার নজর এখন সেই রহস্যময় পাত্রের দিকে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy