তৃণমূলের প্রার্থী তালিকায় ‘মহা-বিসর্জন’! কাঞ্চন-চিরঞ্জিৎ থেকে অসিত মজুমদার, বাদ পড়লেন ৭৪ বিধায়ক

২০২৬ বিধানসভা নির্বাচনের রণকৌশলে বড়সড় চমক দিল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের প্রার্থী তালিকায় এবার ‘শুদ্ধিকরণ’-এর স্পষ্ট ছাপ। গত ২০২১ নির্বাচনে হুগলি জেলায় কঠিন লড়াইয়ের পর আরামবাগ, খানাকুল, গোঘাট ও পুরশুড়া হাতছাড়া হলেও বাকি আসনগুলিতে জয়ী হয়েছিলেন একঝাঁক চেনা মুখ। কিন্তু এবার সেই হিসেব উল্টে দিয়ে এক ধাক্কায় ৭৪ জন বর্তমান বিধায়ককে টিকিট দিল না তৃণমূল নেতৃত্ব। তালিকায় যেমন রয়েছেন কাঞ্চন মল্লিক, চিরঞ্জিৎ চক্রবর্তীর মতো তারকা, তেমনই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় বা মাণিক ভট্টাচার্যের মতো বিতর্কিত নামও।

সবচেয়ে বড় চমক হুগলি জেলায়। চুঁচুড়ার তিনবারের বিধায়ক অসিত মজুমদারকে এবার প্রার্থী করেনি দল, তাঁর বদলে সেখানে নিয়ে আসা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। আবার শ্রীরামপুরের দীর্ঘদিনের বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়ের বদলে টিকিট পেয়েছেন নতুন মুখ তন্ময় ঘোষ। বর্ষীয়ান নেতা তপন দাশগুপ্তকে সরিয়ে সেখানে বিদেশ বোসকে প্রার্থী করা হয়েছে। বাদ পড়েছেন প্রাক্তন মন্ত্রী রত্না দে নাগ এবং বলাগড়ের মনোরঞ্জন ব্যাপারীও। তবে অসীমা পাত্র, বেচারাম মান্না ও ইন্দ্রনীল সেনদের ওপর ফের ভরসা রেখেছে কালীঘাট। রাজনৈতিক মহলের মতে, প্রতিষ্ঠান বিরোধিতা রুখতেই একঝাঁক ‘নন-পারফর্মার’ ও বিতর্কিত মুখকে সরিয়ে নতুনদের সুযোগ করে দিল জোড়াফুল শিবির।