২০২৫-২৬ অর্থবর্ষ শেষ হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। আগামী ১ এপ্রিল থেকে দেশজুড়ে কার্যকর হতে চলেছে নতুন আয়কর আইন (New Income Tax Act)। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে এই পরিবর্তনের ঘোষণা করার পর থেকেই করদাতাদের মধ্যে তৎপরতা বেড়েছে। ৩১ মার্চের ডেডলাইন মিস করলে আপনার বাড়তি টাকা খরচ হতে পারে। জেনে নিন কোন কোন কাজ আগে সারবেন:
চাকরি পরিবর্তন করলে ‘ফর্ম ১২বি’: আপনি যদি এই অর্থবর্ষে কাজ বদলে থাকেন, তবে পুরনো অফিসের বেতনের তথ্য নতুন সংস্থায় জমা দিন। নাহলে ট্যাক্স ক্যালকুলেশনে গরমিল হবে এবং পরে মোটা টাকা সুদ দিতে হতে পারে।
খরচের প্রমাণ জমা: এইচআরএ (HRA) বা এলটিএ (LTA)-এর মতো ছাড় পেতে দ্রুত ভাড়ার রসিদ বা ভ্রমণের বিল অফিসে জমা দিন। নথিপত্র না দিলে আপনার হাতে পাওয়া বেতনের ওপর কর বসবে।
অগ্রিম কর বা অ্যাডভান্স ট্যাক্স: টিডিএস কাটার পর যদি আপনার বার্ষিক করের পরিমাণ ১০ হাজার টাকার বেশি হয়, তবে ৩১ মার্চের মধ্যে অগ্রিম কর মিটিয়ে দিন। দেরি করলে জরিমানা হিসেবে সুদ দিতে হতে পারে।
পিপিএফ ও এনপিএস বিনিয়োগ: আপনার পিপিএফ (PPF) বা এনপিএস (NPS) অ্যাকাউন্ট সচল রাখতে বছরে অন্তত ৫০০ টাকা জমা করতেই হয়। ৩১ মার্চের আগে এই ন্যূনতম বিনিয়োগ না করলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হতে পারে এবং ফের সচল করতে জরিমানা লাগবে।
ব্যাঙ্ক রেকর্ড যাচাই: গৃহঋণের ইএমআই বা বিমার কিস্তি ঠিকমতো কাটা হয়েছে কি না তা ব্যাঙ্কের সঙ্গে মিলিয়ে নিন। ৮০সি (80C) ধারায় ছাড় পেতে হলে সব পেমেন্ট ৩১ মার্চের মধ্যে সম্পূর্ণ হওয়া জরুরি।





