২ হাজার ৫১ ফুট উঁচুতে ‘হাওয়ায় ভাসছেন’ মানুষ! বিশ্বের সর্বোচ্চ ব্রিজ উদ্বোধন করল চীন, কোথায় তৈরি হল এই বিস্ময়?

পৃথিবীর বুকে তৈরি হলো এক নতুন ইঞ্জিনিয়ারিং বিস্ময়। সম্প্রতি উদ্বোধন হয়ে গেল বিশ্বের সবচেয়ে উঁচু ব্রিজ, যেখান দিয়ে এখন গাড়ি চলাচল করছে। ভূমি থেকে যার উচ্চতা প্রায় ২ হাজার ৫১ ফুট (৬২৫ মিটার)! এই ব্রিজটির ওপর দিয়ে যাতায়াত করার সময় যাত্রীদের মনে হচ্ছে যেন তাঁরা ডানা মেলা পাখির মতো হাওয়ায় ভেসে যাচ্ছেন, কারণ নিচে ২ হাজার ফুটেরও বেশি গভীর গিরিখাত।

অতি দুর্গম স্থানে তিন বছরে তৈরি
এই অভূতপূর্ব ব্রিজটি তৈরি হয়েছে চীনের দক্ষিণভাগে অবস্থিত অতি দুর্গম স্থান বলে পরিচিত গুইঝু প্রদেশে। নিচে বইছে নদী, আর চারপাশে ঘন সবুজ জঙ্গল—এমন এক ভয়ানক সুন্দর স্থানে মাত্র ৩ বছরের মধ্যে এই অবিশ্বাস্য নির্মাণকাজ সম্পন্ন করেছেন চীনা ইঞ্জিনিয়াররা। ২ হাজার ৫১ ফুট উচ্চতা সম্পন্ন কোনো ব্রিজ এখন পৃথিবীতে নেই।

বিশেষজ্ঞরা এই ব্রিজটিকে ‘ইঞ্জিনিয়ারিং বিস্ময়’ বলে তকমা দিচ্ছেন। ঠিক যেমনটা ভারতের চন্দ্রভাগা নদীর ওপর তৈরি ট্রেন যাতায়াতের ব্রিজটিকে বলা হয়।

উচ্চতম ব্রিজের ‘রাজধানী’ গুইঝু!
নতুন এই ব্রিজটি শুধু বিশ্বের উচ্চতম ব্রিজ নয়, গুইঝু প্রদেশের জন্য এই নির্মাণ এক নতুন ইতিহাস সৃষ্টি করল। কারণ এই প্রদেশের ঝুলিতে এর আগেও রয়েছে উঁচু ব্রিজ তৈরির একাধিক রেকর্ড।

বিশ্বের দ্বিতীয় উচ্চতম ব্রিজটিও এই গুইঝু প্রদেশেই অবস্থিত। যার উচ্চতা ১ হাজার ৮৫৩ ফুট। সবেমাত্র সেই ব্রিজটি তার বিশ্বের উচ্চতম ব্রিজের তকমা হারালো।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বিশ্বের ১০০টি উচ্চতম ব্রিজের তালিকায় চীনের এই প্রদেশটিরই প্রায় ৫০টির মতো ব্রিজ রয়েছে।

এই নতুন ব্রিজটি নিঃসন্দেহে গুইঝু প্রদেশের পর্যটন শিল্পকে এক নতুন মাত্রা দেবে। একই সঙ্গে প্রমাণ করল, আধুনিক প্রযুক্তির সাহায্যে অতি দুর্গম স্থানেও মানব সভ্যতা তার ছাপ ফেলতে সক্ষম।