“গরিবের পাশে প্রাক্তন মুখ্যমন্ত্রী!”-পার্কস্ট্রিটের সেই পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নিলেন মমতা

পার্ক স্ট্রিট চত্বরে ফুটপাথবাসী এক মহিলাকে শিশুর জন্য দুধ গরম করতে বাধা দেওয়ার একটি ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল এক মহিলাকে ফুটপাতে দুধ গরম করতে নিষেধ করছেন এবং তাঁকে তীব্র ধমক দিচ্ছেন। এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে সোমবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় একটি ফেসবুক লাইভ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ওই অসহায় পরিবারটির সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার কথা ঘোষণা করেন।
লাইভে এসে মমতা অত্যন্ত আবেগঘন ও জোরালো ভাষায় বলেন, গরিব হওয়া কোনো অপরাধ নয়। দরিদ্র মানুষজনকে পেটের দায়ে নানা পরিশ্রম করতে হয়, কিন্তু তাদের প্রতি অমানবিক আচরণ কোনোভাবেই কাম্য নয়। তিনি স্পষ্টভাবে জানান যে তিনি নিজে কিংবা তাঁর দলের সহকর্মীরা ওই পরিবারটির থাকার ব্যবস্থা, শিশুদের পড়াশোনা এবং খাওয়ার সম্পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত। সাধারণ মানুষকেও এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। প্রসঙ্গত, পার্ক স্ট্রিটের ফুটপাথে আশ্রয় নেওয়া ওই মহিলার নাম রশিদা। জীবনযুদ্ধের নানা কঠিন পথ পেরিয়ে তিনি বর্তমানে এক ছোট নাতিকে নিয়ে ফুটপাথেই দিন কাটাচ্ছেন। আবর্জনা কুড়োনো কিংবা ঝাড়ু দেওয়ার কাজ করে কোনোমতো তাঁর দিন চলে। এর আগে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও ওই পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন এবং ফুটপাথবাসীদের পুনর্বাসনের পক্ষে জোরালো সওয়াল করেছিলেন।