ভুল বোঝাবুঝির অবসান, ঋতব্রত শিবির ছেড়ে সোজা কালীঘাটে ফিরলেন আরও এক তৃণমূল বিধায়ক!

বঙ্গ রাজনীতিতে ফের পটপরিবর্তন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী কালীঘাট তৃণমূলেই ফিরে এলেন আরও এক বিধায়ক। এ দিন বিধানসভায় বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের পাশে বসে একটি সাংবাদিক বৈঠক করেন আমডাঙার বিধায়ক কাশেম সিদ্দিকি। সেখানেই তিনি আনুষ্ঠানিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে ফিরে আসার কথা ঘোষণা করেন।
কালীঘাট তৃণমূলে ফিরে এসেই ঋতব্রত পন্থী নব তৃণমূলের বিরুদ্ধে গুরুতর ক্ষোভ প্রকাশ করেছেন কাশেম সিদ্দিকি। তাঁর দাবি, তাঁকে ভুল বুঝিয়ে দল থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে ভুল বোঝানো হয়েছিল দিদি থাকবে বলে। আমি দিদি ছাড়া বুঝি না। দেখলাম দিদি নেই। দিদিকেই দেখে আমরা ভোটে জিতেছি।”
অন্যদিকে, এই পুরো ঘটনা প্রসঙ্গে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ দাবি করেছেন যে ওই বিধায়ক সবসময় তাঁদের সঙ্গেই যোগাযোগ রেখেছিলেন এবং তাঁকে ভুল বুঝিয়ে অন্য শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল। এ দিন কুণাল ঘোষ আরও একধাপ এগিয়ে বিরোধী দলনেতার পদ নিয়ে বিধানসভায় গোপন ব্যালটে ফ্লোর টেস্টের দাবি জানিয়েছেন।
রাজনৈতিক মহলের মতে, যেভাবে একের পর এক নেতা পুরানো শিবিরে ফিরে আসছেন, তাতে আগামী দিনে বিধানসভার অন্দরে সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।