২৭টি এনুমারেশন ফর্ম উদ্ধার রাজ্য সড়কের পাশ থেকে! ফর্ম ‘নষ্ট করার চেষ্টা’, বিজেপি BLO-কে ঘিরে TMC-র তুমুল বিক্ষোভ

ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া (SIR) ঘিরে রাজ্যজুড়ে বিতর্কের আবহে এবার রাজ্য সড়কের পাশ থেকে উদ্ধার হলো ২৭টি গুরুত্বপূর্ণ এনুমারেশন ফর্ম। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে কালনা এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বিজেপি BLO-কে ঘিরে বিক্ষোভ
জানা গিয়েছে, আজ সকালে হাটকালনা এলাকায় রাজ্য সড়কের পাশ থেকে এই ২৭টি এনুমারেশন ফর্ম পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ফর্মগুলো মূলত বালুরঘাট এলাকার বলে চিহ্নিত করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বিজেপির একজন বুথ লেভেল অফিসার (BLO) ওই ফর্মগুলো তুলে নিয়ে যাচ্ছিল। স্থানীয়রা সঙ্গে সঙ্গে সেই বিজেপি বিএলও-কে আটক করে এবং কালনা থানায় খবর দেন।

এদিকে, এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেস সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনেছে। তৃণমূলের দাবি, বিজেপি এই গুরুত্বপূর্ণ ফর্মগুলো নষ্ট করার চেষ্টা করছিল।

প্রশাসনের বক্তব্য
এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় মহকুমা শাসক জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুর প্রশাসন এনুমারেশন ফর্ম (ভোটার তালিকার নথি) নিয়ে যাওয়ার সময়ে কিছু ফর্ম মিসিং থাকার কথা জানিয়েছিল। উদ্ধার হওয়া এই ২৭টি ফর্ম সেগুলোরই অংশ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি এভাবে রাজ্য সড়কের পাশে পড়ে থাকা এবং একজন রাজনৈতিক দলের বিএলও-র হাতে সেই নথি তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে এলাকায় তীব্র শোরগোল তৈরি হয়েছে। প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।