বয়স মাত্র ১৫, কিন্তু তাঁর ব্যাটের দাপটে ঘুম উড়ছে বাঘা বাঘা বোলারদের। নাম— বৈভব সূর্যবংশী। চলতি আইপিএলে অবিশ্বাস্য ব্যাটিংয়ের পর এবার ভারতের জাতীয় দলের হয়ে অভিষেক হতে চলেছে এই বিস্ময় বালকের। সূত্রের খবর, আগামী জুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার নীল জার্সিতে দেখা যেতে পারে তাঁকে।
সচিনের বিশ্ব রেকর্ড কি বিপন্ন? যদি বৈভব এই সিরিজে মাঠে নামেন, তবে তিনি ভারতীয় ক্রিকেটের ইতিহাসের সবথেকে কনিষ্ঠতম ক্রিকেটারের শিরোপা পাবেন।
বর্তমানে এই রেকর্ড রয়েছে ‘মাস্টার ব্লাস্টার’ সচিন তেন্ডুলকারের নামে (১৬ বছর ২০৫ দিন)।
মহিলা ও পুরুষ মিলিয়ে রেকর্ডটি শেফালী ভার্মার (১৫ বছর ৭ মাস)। আয়ারল্যান্ড সফরে সুযোগ পেলে বৈভব এই দুই কিংবদন্তির পরিসংখ্যানই ভেঙে চুরমার করে দেবেন।
কেন বৈভবকে নিয়ে এত মাতামাতি? চলতি আইপিএলে বৈভবের পরিসংখ্যান মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। মাত্র ৫টি ম্যাচে ২০০ রান করেছেন তিনি। গড় ৪০ হলেও তাঁর সবথেকে বড় অস্ত্র হলো তাঁর ২৬৩.১৫ স্ট্রাইকরেট! * আরসিবির বিরুদ্ধে: মাত্র ২৬ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস।
সিএসকের বিরুদ্ধে: ১৭ বলে ৫২ রান।
ভয়ডরহীন মানসিকতা: বিশ্বের ১ নম্বর বোলার জসপ্রীত বুমরাকে প্রথম বলেই ছক্কা মেরে চমকে দিয়েছিলেন ক্রিকেট বিশ্বকে। যশ হ্যাজেলহুডকেও প্রথম বল থেকে আক্রমণ করতে দ্বিধা করেননি এই কিশোর।
নির্বাচকদের মাস্টারপ্ল্যান: ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, আইপিএল শেষ হওয়ার পরেই আয়ারল্যান্ড সফরে নতুন প্রতিভাদের সুযোগ দিতে চায় বিসিসিআই (BCCI)। নির্বাচকরা চাইছেন এই হিরেটিকে আর অপেক্ষা না করিয়ে দ্রুত আন্তর্জাতিক মঞ্চে তুলে আনতে।
সোমবারের ম্যাচে শূন্য রানে আউট হলেও, বৈভবের সামগ্রিক পারফরম্যান্স তাঁকে জাতীয় দলের দরজায় কড়া নাড়তে বাধ্য করেছে। এখন শুধু অপেক্ষা অফিশিয়াল স্কোয়াড ঘোষণার। জুনেই কি তবে শুরু হবে ‘বৈভব যুগ’? অপেক্ষায় গোটা দেশ।





