রাজ্যের বিধানসভা ভোটের প্রাক্কালে বাংলার মাটিতে দাঁড়িয়ে তৃণমূল ও বিজেপি— উভয় পক্ষকেই একযোগে বিঁধলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তর সমর্থনে আয়োজিত জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়ান তিনি। রাহুলের স্পষ্ট অভিযোগ, “তৃণমূল যদি নিজের কাজ ঠিকমতো করত, তবে বাংলায় বিজেপির প্রবেশের পথ তৈরি হতো না।”
বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল বলেন, নরেন্দ্র মোদী তাঁর চোখে চোখ রেখে কথা বলার সাহস পান না। এরপরই তৃণমূলের দিকে তোপ দেগে তিনি বলেন, “নরেন্দ্র মোদী দুর্নীতিগ্রস্ত হলে তৃণমূলও কিছু কম নয়।” শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা কেলেঙ্কারি এবং সারদা চিটফান্ডের প্রসঙ্গ টেনে তিনি রাজ্যের শাসকদলকে তুলোধনা করেন। এমনকি আরজি কর কাণ্ডের নারকীয় ঘটনার কথা উল্লেখ করে রাজ্যের আইনশৃঙ্খলার কঙ্কালসার চেহারাটা তুলে ধরেন তিনি।
বেকারত্ব ও শিল্পায়ন নিয়েও সরব হন রাহুল। তাঁর দাবি, সিপিএম জমানার পর তৃণমূলের হাতে বাংলার শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। ৫ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিলেও বর্তমানে ৮৪ লক্ষ মানুষ বেকারভাতার লাইনে দাঁড়িয়ে। পাশাপাশি ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কুণ্ডু খুনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তৃণমূল হিংসা ছড়াচ্ছে, কিন্তু কংগ্রেস সত্য ও অহিংসার পথেই লড়বে।” রায়গঞ্জের এই সভা থেকে রাহুল কার্যত তৃণমূল-বিজেপি সেটিং তত্ত্বকেই উসকে দিয়েছেন।





