১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে টাকা লেনদেনের নিয়ম! আপনার পকেটে টান পড়ার আগেই জানুন RBI-এর এই নতুন ফরমান

ভারতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তনের ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আগামী ১ এপ্রিল থেকে সমস্ত ধরনের ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ‘টু ফ্যাক্টর অথেন্টিকেশন’ (Two Factor Authentication) বাধ্যতামূলক করা হয়েছে। সাইবার জালিয়াতি এবং ফিশিং অ্যাটাক রুখতে গ্রাহকদের নিরাপত্তার খাতিরেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
আরবিআই-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে প্রতিটি লেনদেনে সুরক্ষার দুটি স্তর থাকবে। এর মধ্যে একটি ফ্যাক্টর অবশ্যই ‘ডায়নামিক’ হতে হবে, যা প্রতিবার লেনদেনের সময় নতুন করে তৈরি হবে— যেমন ওটিপি (OTP) বা বায়োমেট্রিক যাচাইকরণ। পিন, পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট, ফেসিয়াল রেকগনিশন বা হার্ডওয়্যার টোকেনের মতো পদ্ধতিগুলো এর অন্তর্ভুক্ত হতে পারে। ব্যাঙ্ক ও কার্ড নেটওয়ার্কগুলি তাদের গ্রাহকদের পছন্দমতো অথেন্টিকেশন পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ দেবে।
রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়েছে, যদি কোনও আর্থিক প্রতিষ্ঠান এই নিয়ম মানতে ব্যর্থ হয় এবং তার ফলে কোনও প্রতারণা ঘটে, তবে তার দায়ভার সংশ্লিষ্ট সংস্থাকেই নিতে হবে। এছাড়া আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করার সময়সীমা আগামী ১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ইউপিআই এবং মোবাইল ওয়ালেটের যুগে ক্রমবর্ধমান অনলাইন জালিয়াতি রুখতে আরবিআই-এর এই সিদ্ধান্ত সাধারণ মানুষের ডিজিটাল সম্পদ রক্ষায় এক বড় কবচ হতে চলেছে।