১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে SBI কার্ডের নিয়ম! আপনার জমানো রিওয়ার্ড পয়েন্ট কি এবার জলে যাবে?

আপনি কি এসবিআই (SBI) ক্রেডিট কার্ড ব্যবহার করেন? তবে সাবধান! আগামী ১ এপ্রিল থেকে আপনার কার্ড ব্যবহারের অভিজ্ঞতায় বড় পরিবর্তন আসতে চলেছে। রিওয়ার্ড পয়েন্ট রিডিম করা থেকে শুরু করে ক্যাশব্যাকের সুবিধা—সবকিছুতেই কাঁচি চালাচ্ছে ব্যাংক। মূলত গ্রাহকদের রিওয়ার্ড পয়েন্ট ব্যবহারের অভ্যাসে রাশ টানতেই এই নতুন নিয়ম।
রিওয়ার্ড পয়েন্টে বড় কোপ নতুন নিয়ম অনুযায়ী, ১ এপ্রিল থেকে প্রতি মাসে আপনি সর্বোচ্চ ৬০,০০০ রিওয়ার্ড পয়েন্ট স্টেটমেন্ট ক্রেডিট হিসেবে রিডিম করতে পারবেন। অর্থাৎ আপনার কাছে লক্ষাধিক পয়েন্ট থাকলেও, এক মাসে তার সবটা ক্যাশব্যাক হিসেবে ব্যবহার করা যাবে না। শুধু তাই নয়, এখন থেকে পয়েন্ট রিডিম করতে হবে ৪,০০০-এর গুণিতকে (যেমন ৪০০০, ৮০০০, ১২০০০)। মাঝের কোনো সংখ্যায় পয়েন্ট ভাঙানো যাবে না। তবে এয়ার ইন্ডিয়া এসবিআই সিগনেচার এবং ফোন-পে এসবিআই-এর মতো কিছু প্রিমিয়াম কার্ডকে এই কড়াকড়ি থেকে বাইরে রাখা হয়েছে।
ক্যাশব্যাক কার্ডে দুঃসংবাদ যাঁদের কাছে জনপ্রিয় ‘এসবিআই ক্যাশব্যাক কার্ড’ রয়েছে, তাঁদের জন্য খবরটি আরও উদ্বেগের। এতদিন এই কার্ডে মাসে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যেত। ১ এপ্রিল থেকে সেই সীমা কমিয়ে করা হচ্ছে ৪,০০০ টাকা। এর মধ্যে অনলাইন কেনাকাটায় সর্বোচ্চ ২,০০০ টাকা এবং অফলাইন ট্রানজ্যাকশনে ২,০০০ টাকা ক্যাশব্যাক মিলবে। অর্থাৎ অনলাইন শপিং প্রেমীদের জন্য লাভের অঙ্কটা অনেকটা কমে গেল।
অন্যান্য চার্জ ও কড়াকড়ি রিওয়ার্ড ছাড়াও ইউটিলিটি বিল পেমেন্ট এবং ভাড়ার ওপর অতিরিক্ত প্রসেসিং ফি-র নিয়ম আগেই কড়া করা হয়েছিল। এবার বড় অংকের লেনদেনের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স দপ্তরের নজরদারিও বাড়তে চলেছে। ১ এপ্রিল থেকে প্যান (PAN) কার্ডের সঙ্গে ক্রেডিট কার্ডের সংযোগ বাধ্যতামূলক হচ্ছে। বার্ষিক ১০ লক্ষ টাকার বেশি খরচ করলে সেই তথ্য সরাসরি আয়কর দপ্তরের কাছে পৌঁছে যাবে।
তাই নতুন অর্থবর্ষ শুরুর আগেই আপনার কার্ডের রিওয়ার্ড পয়েন্টের ব্যালেন্স চেক করে নিন এবং প্রয়োজনে এখনই রিডিম করে নিন।