১৯ কোটি বছর আগের সমুদ্রের রাজা! বিরল ‘সোর্ড ড্রাগন অফ ডরসেট’-এর প্রায় অক্ষত জীবাশ্ম আবিষ্কার, হতবাক বিজ্ঞানীরা

আজ থেকে প্রায় ১৯ কোটি বছর আগে, যখন পৃথিবীতে বর্তমানের কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না, তখন ইচথিওসর (Ichthyosaur) নামের এক সামুদ্রিক সরীসৃপ দাপটের সঙ্গে সমুদ্রের জলে ঘুরে বেড়াত। বিজ্ঞানীরা এদের বিষয়ে আগে থেকেই জানতেন, কিন্তু এবার সেই ইচথিওসরের একটি সম্পূর্ণ নতুন প্রজাতি আবিষ্কার করে তাঁরা কার্যত হতবাক।

আকারে একটি ডলফিনের মতো বড় এই প্রাণীর প্রায় অক্ষত একটি জীবাশ্ম হাতে এসেছে বিজ্ঞানীদের। জীবাশ্মটি কোনো ভাঙা বা বিচ্ছিন্ন অংশ নয়, বরং প্রায় পুরো দেহের। বিজ্ঞানীরা এই বিরল জলজ প্রাণীর নাম দিয়েছেন ‘সোর্ড ড্রাগন অফ ডরসেট’ (Sword Dragon of Dorset)।

ডরসেটে পাওয়া গেল অক্ষত জীবাশ্ম:

ব্রিটেনের ডরসেটে জুরাসিক উপকূলের কাছে এই জীবাশ্মটি আগে পাওয়া গিয়েছিল, তবে সম্প্রতি সেটিকে নিয়ে পরীক্ষা শুরু হয়। সেই পরীক্ষাতেই জানা যায়, এই জীবাশ্মে যে প্রাণীর দেখা মিলেছে, এমন ইচথিওসর প্রজাতি এর আগে জীবাশ্ম হিসেবেও খুঁজে পাওয়া যায়নি।

গবেষকদের মতে, এমন জলজ সরীসৃপের প্রায় পুরো দেহটির জীবাশ্ম হাতে আসা এক অভূতপূর্ব ঘটনা। এই নতুন প্রজাতির আবিষ্কার জীববিবর্তনের ইতিহাস এবং বিলুপ্ত সামুদ্রিক প্রাণীদের জীবনধারা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রাণিটির বিস্তারিত বর্ণনা নিয়ে একটি বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত হয়েছে।